এপ্রিলেই শুরু হচ্ছে দেশের প্রথম নারী বিপিএল
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
এপ্রিলেই শুরু হচ্ছে দেশের প্রথম নারী বিপিএল
এপ্রিলেই শুরু হচ্ছে দেশের প্রথম নারী বিপিএল
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক নারী টি–টোয়েন্টি টুর্নামেন্ট ‘উইমেনস বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল)’ আয়োজনের। আগামী ৩ থেকে ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই আসর।
নারী ক্রিকেটের পেশাদার বিকাশে এটিকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজি মডেলে আয়োজিত এই টুর্নামেন্ট দেশের নারী ক্রিকেটে প্রতিযোগিতা, বাণিজ্যিক সম্ভাবনা ও আন্তর্জাতিক মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী আসরে অংশ নেবে তিনটি ফ্র্যাঞ্চাইজি দল। জাতীয় দলের শীর্ষ খেলোয়াড়দের পাশাপাশি উঠতি প্রতিভাবান ক্রিকেটাররাও সুযোগ পাবেন এই আসরে। স্থানীয় খেলোয়াড়দের একটি ড্রাফট পদ্ধতির মাধ্যমে বাছাই করা হবে, যাতে দলগুলোর মধ্যে ভারসাম্য, শক্তি ও গভীরতা নিশ্চিত করা যায়।
এ ছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি পেশাদার ক্রিকেটার চুক্তিবদ্ধ করার সুযোগ পাবে। আন্তর্জাতিক খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টের প্রতিযোগিতার মান ও বৈশ্বিক গ্রহণযোগ্যতা বাড়বে বলে মনে করছে বিসিবি।
ডব্লিউবিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবি পরিচালক ও নারী বিভাগের চেয়ারম্যান রুবাবা ডাওলা। টুর্নামেন্ট-সংক্রান্ত সব সাংগঠনিক বিষয় তত্ত্বাবধান করবে এই কাউন্সিল।
ফ্র্যাঞ্চাইজির নাম, ড্রাফট নীতিমালা, প্রতিযোগিতার কাঠামো, সূচি, ভেন্যু, সম্প্রচার ও বাণিজ্যিক অংশীদারিত্বসহ অন্যান্য বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে বিসিবি।
