ফারহানের ঝলক, যুক্তরাষ্ট্রকে ৩২ রানে হারিয়ে ভারতের ম্যাচের আগে আত্মবিশ্বাসী পাকিস্তান
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ফারহানের ঝলক, যুক্তরাষ্ট্রকে ৩২ রানে হারিয়ে ভারতের ম্যাচের আগে আত্মবিশ্বাসী পাকিস্তান
ফারহানের ঝলক, যুক্তরাষ্ট্রকে ৩২ রানে হারিয়ে ভারতের ম্যাচের আগে আত্মবিশ্বাসী পাকিস্তান
ভারতের বিপক্ষে বহুল প্রতীক্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচের আগে দারুণ প্রস্তুতি সারল পাকিস্তান। গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩২ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাবর আজমের দল।
২০২৪ আসরে সুপার ওভারে পাকিস্তানকে চমকে দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে এবার আর সেই নাটকীয়তার পুনরাবৃত্তি হয়নি।
সাহিবজাদা ফারহানের ৪১ বলে ঝকঝকে ৭৪ রান এবং বাবর আজমের ৩২ বলে ৪৮ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৯০ রান তোলে পাকিস্তান। জবাবে যুক্তরাষ্ট্র লক্ষ্য তাড়া করতে নেমে প্রয়োজনীয় রানরেটের সঙ্গে তাল মেলাতে পারেনি।
ফারহানের এটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারের নবম অর্ধশতক। সাম্প্রতিক সময়ে ফর্ম নিয়ে সমালোচনার মুখে থাকা বাবরও এদিন কিছুটা স্বস্তি খুঁজে পান ব্যাট হাতে। ১৬তম ওভারে হারমিত সিংয়ের বলে আউট হওয়ার আগে পাকিস্তানকে ১৪৩–৪ অবস্থানে রেখে যান ফারহান।
শেষ দিকে শাদাব খান ১২ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেললেও বড় সংগ্রহের পথে শেষ দুই ওভারে পাঁচ উইকেট হারায় পাকিস্তান। যুক্তরাষ্ট্রের পেসার শ্যাডলি ভ্যান শাল্কউইক টানা দ্বিতীয় ম্যাচেও ৪ উইকেট নিয়ে (৪–২৫) দারুণ পারফরম্যান্স দেখান।
১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে লড়াইয়ের ইঙ্গিত দেন ওপেনার শায়ান জাহাঙ্গীর। একপ্রকার একাই দলকে টেনে নেওয়ার চেষ্টা করেন তিনি। তবে ১১তম ওভারে ৪৯ রানে আউট হয়ে অর্ধশতক থেকে এক রান দূরে থামেন। তখনই প্রয়োজনীয় রানরেট অনেকটাই বেড়ে গিয়েছিল।
পাওয়ারপ্লের পরের ছয় ওভারে মাত্র ২৯ রান তুলতে পারে যুক্তরাষ্ট্র। শুবহাম রঞ্জানের ৩০ বলে ৫১ রানের লড়াকু ইনিংস শেষ পর্যন্ত ব্যবধানই কমিয়েছে, ফল বদলাতে পারেনি। পাকিস্তানের হয়ে রহস্য স্পিনার উসমান তারিক নেন তিন উইকেট।
টানা দুই হারে টুর্নামেন্টে চাপে থাকলেও পারফরম্যান্স থেকে ইতিবাচক দিক খুঁজে নিতে পারবে যুক্তরাষ্ট্র। শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে তারা।
অন্যদিকে এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ও বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে রোববারের মহারণের আগে আত্মবিশ্বাসে উজ্জীবিত পাকিস্তান। একসময় সরকারি সিদ্ধান্তে ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত প্রত্যাহার হওয়ায় বহুল আলোচিত লড়াইটি মাঠে গড়াচ্ছে।
