ডাবল সুপার ওভারের রোমাঞ্চে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ডাবল সুপার ওভারের রোমাঞ্চে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা

ডাবল সুপার ওভারের রোমাঞ্চে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা

ডাবল সুপার ওভারের রোমাঞ্চে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা

টি–টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘ডি’-এর এক রুদ্ধশ্বাস ম্যাচে দুই দফা সুপার ওভারের নাটক শেষে আফগানিস্তানকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। বুধবারের ম্যাচটি নির্ধারিত ২০ ওভারে টাই হওয়ার পর গড়ায় সুপার ওভারে, সেখানেও সমতা ভাঙতে না পারায় দ্বিতীয় সুপার ওভারে নির্ধারিত হয় জয়–পরাজয়।

নির্ধারিত ওভারে ফজলহক ফারুকির রানআউটে জয়ের সুযোগ হাতছাড়া করে আফগানিস্তান। এক বল বাকি থাকতে সেই রানআউটের মধ্য দিয়ে দুই দলই ১৮৭ রানে সমতায় পৌঁছে যায়।

প্রথম সুপার ওভারে আফগানিস্তান তোলে ১৭ রান। জবাবে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখেন ফারুকি। শেষ বলে প্রয়োজন ছিল ছয় রান, তখন ট্রিস্টান স্টাবস ছক্কা হাঁকিয়ে আবারও সমতায় ফেরান ম্যাচ।

দ্বিতীয় সুপার ওভারে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা তোলে ২৩ রান। ডেভিড মিলার ও স্টাবস তিনটি ছক্কা মেরে বড় সংগ্রহ গড়েন।

জবাবে কেশব মহারাজ শুরুতেই উইকেট ও দুই ডট বল নিয়ে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে দেন। চার বলে আফগানিস্তানের প্রয়োজন হয়ে পড়ে ২৪ রান অর্থাৎ টানা চারটি ছক্কা।

এ সময় ক্রিজে ছিলেন রহমানউল্লাহ গুরবাজ। এর আগে ৪২ বলে ৮৪ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে লড়াইয়ে রাখেন তিনি। দ্বিতীয় সুপার ওভারে টানা তিনটি ছক্কা মেরে সমীকরণ নামিয়ে আনেন শেষ বলে ৬ রানে।

একটি ওয়াইডে লক্ষ্য দাঁড়ায় শেষ বলে ৫ রান, তৈরি হয় আরেকটি সুপার ওভারের সম্ভাবনা। তবে পরের বলেই ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে দিয়ে আউট হন গুরবাজ। সেখানেই শেষ হয় আফগানিস্তানের লড়াই।

ম্যাচে ৩ উইকেটে ২৬ রান নেওয়া লুঙ্গি এনগিদি, যিনি প্রথম সুপার ওভারটিও করেছিলেন, ম্যাচসেরা নির্বাচিত হন।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে কানাডাকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে হারার পর এটি ছিল আফগানিস্তানের টানা দ্বিতীয় পরাজয়। শক্তিশালী তিন দলের গ্রুপ থেকে তাদের সুপার এইটে ওঠার সম্ভাবনা এখন খুবই ক্ষীণ। চারটি গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ দুই দল যাবে পরের পর্বে।