চট্রগ্রাম রয়্যালস খেলোয়াড়দের বকেয়া পরিশোধ করল বিসিবি
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
চট্রগ্রাম রয়্যালস খেলোয়াড়দের বকেয়া পরিশোধ করল বিসিবি
চট্রগ্রাম রয়্যালস খেলোয়াড়দের বকেয়া পরিশোধ করল বিসিবি
বিপিএলের এবারের আসরে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ছিল নাঈম শেখ। সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় দল পাওয়া এই ওপেনার মাঠের পারফরম্যান্সের পাশাপাশি পারিশ্রমিক ইস্যুতেও ছিলেন আলোচনায়। টুর্নামেন্ট শেষে অবশেষে পুরো অর্থ বুঝে পেয়ে স্বস্তিতে এই ডানহাতি ব্যাটার, যা চট্টগ্রাম রয়্যালসের অস্থির শুরুর গল্পে যুক্ত করেছে আরেকটি ইতিবাচক অধ্যায়।
অব্যবস্থাপনা আর অনিশ্চয়তার ভেতর থেকে উঠে এসে এক অনন্য দৃষ্টান্ত গড়েছিল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল শুরুর ঠিক একদিন আগে মালিকপক্ষ সরে দাঁড়ালেও শেষ পর্যন্ত রানার্সআপ হয়ে আসর শেষ করেছে দলটি। আর টুর্নামেন্ট শেষের ২৫ দিন পর ক্রিকেটারদের পুরো পারিশ্রমিক বুঝিয়ে দিয়ে দায়িত্বশীলতার বার্তাও দিলো বিসিবি।
বৃহস্পতিবার ক্রিকেটারদের বকেয়া পরিশোধের সময় উপস্থিত ছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু এবং বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
নাঈম শেখ ছাড়াও শরিফুল ইসলাম, সাদমান ইসলামরা সকলেই নিজেদের পাওনা বুঝে নিয়েছেন।
সংবাদ সম্মেলনে চট্টগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত যাত্রাপথ তুলে ধরে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, "চিটাগং টিমের মালিক টুর্নামেন্টের আগের দিন চিঠি দিয়ে জানিয়েছিল তারা টিম চালাতে পারবে না। আমরা দ্রুত দায়িত্ব নিয়ে হাবিবুল বাশারকে টিম ডিরেক্টর বানাই। ২৪ ঘণ্টার মধ্যে বিদেশী প্লেয়ার আর সব গুছিয়ে টিম নামানো হয়েছিল। এই টিমটা যে এত ভালো খেলে রানার্সআপ হয়েছে, তার বড় কৃতিত্ব ম্যানেজমেন্ট ও প্লেয়ারদের।"
একই সঙ্গে ক্রিকেটারদের অর্থ পরিশোধের বিষয়টি স্পষ্ট করে দিয়ে তিনি বলেন, "ক্রিকেটারদের আগে ৫০ শতাংশ পেমেন্ট দেওয়া হয়েছিল এবং আজ বাকিটা বুঝিয়ে দিয়ে সব পাওনা চুকিয়ে দেওয়া হয়েছে।"
