ক্রিকেটে সাকিব, মাশরাফির প্রত্যাবর্তনের ইতিবাচক বার্তা আমিনুলের
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ক্রিকেটে সাকিব, মাশরাফির প্রত্যাবর্তনের ইতিবাচক বার্তা আমিনুলের
ক্রিকেটে সাকিব, মাশরাফির প্রত্যাবর্তনের ইতিবাচক বার্তা আমিনুলের
রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত দুই তারকাকে ঘিরে অবস্থান স্পষ্ট করলেন নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শপথের আনুষ্ঠানিকতা শেষ করে সন্ধ্যায় মিরপুরের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, আইনি জটিলতা দ্রুত মিটলে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকে আবারও জাতীয় ক্রিকেটে দেখার সম্ভাবনা তৈরি হতে পারে।
বিকেলে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। আলোচনায় উঠে আসে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার প্রসঙ্গ। তিনি বলেন, তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি হলে দেশের ক্রিকেটে ফেরার পথ সহজ হতে পারে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় দলের অলরাউন্ডার সাকিব দেশে ফেরেননি। একইভাবে সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফিকেও দীর্ঘ সময় জনসমক্ষে দেখা যায়নি। দুজনের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে, যার মধ্যে হত্যা মামলা ও সাকিবের ক্ষেত্রে অতিরিক্ত কয়েকটি দুর্নীতির অভিযোগও আছে।
এই প্রেক্ষাপটে আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, "যেহেতু তাদের বিরুদ্ধে মামলা আছে, সেটাকে দ্রুত সমাধানের মাধ্যমে আমিও চাই সাকিব–মাশরাফিরা যেন আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরে আসতে পারে। আমরা এই জায়গাটাকে অত্যন্ত নমনীয় ও সহনশীলভাবে প্রাধান্য দিতে চাই।"
তিনি আরো বলেন, "আমরা চাই, যে মামলাগুলো হয়েছে, সেগুলো রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সে যেন বাংলাদেশে দ্রুত ফিরে আসতে পারে।"
প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বোর্ড ইস্যুতে অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর নিয়ম মেনেই তারা এগোতে চান। তার ভাষায়, "ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি আগেও বলেছি, এখনো বলছি, অনেক প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে। কিন্তু যেহেতু এখন একটি দায়িত্বশীল জায়গায় আছি, আমি তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে ঠিক করব, কীভাবে আমরা ভালো একটি পর্যায়ে যেতে পারি।"
