বয়সভিত্তিক ক্রিকেট সংস্কারে জোর, পাথওয়ে নিয়ে বিসিবির বৈঠক

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বয়সভিত্তিক ক্রিকেট সংস্কারে জোর, পাথওয়ে নিয়ে বিসিবির বৈঠক

বয়সভিত্তিক ক্রিকেট সংস্কারে জোর, পাথওয়ে নিয়ে বিসিবির বৈঠক

বয়সভিত্তিক ক্রিকেট সংস্কারে জোর, পাথওয়ে নিয়ে বিসিবির বৈঠক

বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেট থেকে জাতীয় দল পর্যন্ত খেলোয়াড় তৈরির কাঠামো আরও শক্তিশালী করতে দেশের ক্রিকেট পাথওয়ে কাঠামো নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ বৈঠকে বয়সভিত্তিক ক্রিকেটের বিদ্যমান কাঠামো পর্যালোচনা করা হয়। পাশাপাশি এর কার্যকারিতা মূল্যায়ন এবং উন্নয়নের সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়। বৈঠকে বয়সভিত্তিক দলে খেলোয়াড় বাছাই প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা এবং বর্তমান বয়স যাচাই পদ্ধতির স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় কোচদের জন্য প্রণোদনা ব্যবস্থা চালুর প্রস্তাব উঠে আসে, যাতে নিজ নিজ পর্যায়ে খেলোয়াড় উন্নয়নে সফল কোচদের স্বীকৃতি দেওয়া যায়। একই সঙ্গে দেশের সব ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত খেলোয়াড় ডাটাবেজ তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়, যা দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও পারফরম্যান্স বিশ্লেষণে সহায়ক হবে।

বৈঠকে বিভাগ ও জেলা পর্যায়ের কোচদের বেতন কাঠামো এবং কোচদের জন্য একটি সুস্পষ্ট ও কাঠামোবদ্ধ ক্যারিয়ার পথ নির্ধারণের বিষয়েও আলোচনা হয়। এছাড়া কোচদের প্রশিক্ষণ ও ক্রিকেট শিক্ষা বিষয়ক কারিকুলাম হালনাগাদ করতে একটি কারিকুলাম রিভিউ কমিটি গঠনের বিষয়ে একমত হন উপস্থিত কর্মকর্তারা।

বাংলাদেশের ক্রিকেট পাথওয়ে কাঠামোর অংশ হিসেবে অনূর্ধ্ব–২৩ পর্যায়ের খেলোয়াড়দের জন্য একটি জাতীয় ক্রিকেট একাডেমি কর্মসূচি চালুর বিষয়েও আলোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলাম, বোর্ড পরিচালকবৃন্দ, বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীসহ জাতীয় দল ও বোর্ডের কোচিং এবং নির্বাচক প্যানেলের সংশ্লিষ্ট কর্মকর্তা।