৪২ রানে ইতালিকে হারিয়ে অপরাজিত ওয়েস্ট ইন্ডিজ
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
৪২ রানে ইতালিকে হারিয়ে অপরাজিত ওয়েস্ট ইন্ডিজ
৪২ রানে ইতালিকে হারিয়ে অপরাজিত ওয়েস্ট ইন্ডিজ
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে অপরাজিত থেকেই সুপার এইটে জায়গা করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কলকাতার ইডেন গার্ডেন্সে টুর্নামেন্টে অভিষেক হওয়া ইতালিকে ৪২ রানে হারিয়ে টানা চার ম্যাচেই জয় তুলে নেয় ক্যারিবীয়রা।
এই জয়ে ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় দল হিসেবে গ্রুপের সবগুলো ম্যাচ জিতে পরের পর্বে উঠল। এর আগে ভারত ও দক্ষিণ আফ্রিকাও একই কৃতিত্ব দেখিয়েছে।
টসে জিতে ইতালির অধিনায়ক হ্যারি মানেন্তি স্পিন-সহায়ক উইকেটে প্রথমে ব্যাটিংয়ে পাঠান ওয়েস্ট ইন্ডিজকে। তবে শুরুটা ভালো হয়নি তাদের। ওপেনার ব্র্যান্ডন কিং ৪ রান করে আউট হন, আর শিমরন হেটমায়ার ফিরেন মাত্র ১ রানে। পাওয়ারপ্লেতেই চাপে পড়ে যায় দলটি।
সেখান থেকে অধিনায়ক শাই হোপ দায়িত্বশীল ইনিংস খেলে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন। ৪৬ বলে ৭৫ রান করেন তিনি, ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা। রোস্টন চেজ করেন ২৪ রান। শেষদিকে শেরফেন রাদারফোর্ড অপরাজিত ২৪ এবং ম্যাথিউ ফোর্ড অপরাজিত ১৬ রান যোগ করলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
ইতালির হয়ে বল হাতে দারুণ পারফরম্যান্স করেন ক্রিশান কালুগামাগে। চার ওভারে ২৫ রান দিয়ে নেন ২টি উইকেট, যার মধ্যে ছিল হোপের গুরুত্বপূর্ণ উইকেটটি।
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় ইতালি। জাস্টিন মসকা দ্রুত বিদায় নেন। অ্যান্থনি মসকা একটি ওভারে আকিল হোসেনকে দুটি ছক্কা মারলেও একই ওভারে আউট হন তিনি।
মাঝের ওভারগুলোতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন গুদাকেশ মোতি। তিনি জেজে স্মাটস (২৪) ও বেন মানেন্তি (২৬) কে ফিরিয়ে ইতালিকে চাপে ফেলেন। এরপর শামার জোসেফ ৩০ রানে ৪ উইকেট এবং ম্যাথিউ ফোর্ড ১৯ রানে ৩ উইকেট তুলে নিলে ১৮ ওভারে ১২৩ রানে অলআউট হয়ে যায় ইতালি।
হারলেও শক্ত লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে ইতালি। তবে চার ম্যাচে চার জয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়ে সুপার এইটে উঠল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে তারা ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকেও হারিয়েছে। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এবার আরও দৃঢ় প্রতিজ্ঞ ক্যারিবীয়রা।
