সুপার এইটে পাকিস্তান, নামিবিয়াকে ১০২ রানে উড়িয়ে
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
সুপার এইটে পাকিস্তান, নামিবিয়াকে ১০২ রানে উড়িয়ে
সুপার এইটে পাকিস্তান, নামিবিয়াকে ১০২ রানে উড়িয়ে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে শেষ দল হিসেবে জায়গা নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট দল। কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে গ্রুপ ‘এ’ এর বাঁচা মরার ম্যাচে নামিবিয়াকে ১০২ রানে হারিয়ে শেষ আটে ওঠে তারা।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৯৯ রান তোলে পাকিস্তান। জয়ের ভিত গড়ে দেন ওপেনার সাহিবজাদা ফারহান। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান তিনি। ৫৮ বলে অপরাজিত ১০০ রান করেন ফারহান, যেখানে ছিল ১১টি চার ও ৪টি ছক্কা। ইনিংসের শেষ ওভারে পৌঁছান তিন অঙ্কের মাইলফলকে।
অধিনায়ক সালমান আগা ৩৮ রানের কার্যকর ইনিংস খেলেন। শেষদিকে শাদাব খান ঝড় তোলেন। তিনি ৩৬ রানে অপরাজিত থাকেন এবং শেষ ওভারে দুটি ছক্কা মেরে দলকে বড় সংগ্রহ এনে দেন।
২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা আশাব্যঞ্জক ছিল নামিবিয়ার। ওপেনার লরেন স্টিনক্যাম্প দ্রুত ২৩ রান তুললেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।
বল হাতেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন শাদাব খান। ৩ উইকেটে মাত্র ১৯ রান দেন তিনি। নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমাসকে ফেরানোর পাশাপাশি আলেকজান্ডার বুসিং ভলসেঙ্ককে ২০ রানে স্টাম্পিং করান শাদাব।
স্পিনার উসমান তারিক ক্যারিয়ারসেরা বোলিং করেন। ৪ উইকেটে ১৬ রান দিয়ে নামিবিয়ার লেজ গুটিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত ৯৭ রানে অলআউট হয় নামিবিয়া।
এই জয়ে সুপার এইটে জায়গা নিশ্চিত করল পাকিস্তান। আর একটি জয়ও না পেয়ে গ্রুপের তলানিতে থেকেই বিশ্বকাপ শেষ করতে হলো নামিবিয়াকে।
