চট্টগ্রামকে আবার ক্রীড়ার প্রাণকেন্দ্র করতে সম্মিলিত উদ্যোগের ডাক তামিম ইকবালের

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
চট্টগ্রামকে আবার ক্রীড়ার প্রাণকেন্দ্র করতে সম্মিলিত উদ্যোগের ডাক তামিম ইকবালের

চট্টগ্রামকে আবার ক্রীড়ার প্রাণকেন্দ্র করতে সম্মিলিত উদ্যোগের ডাক তামিম ইকবালের

চট্টগ্রামকে আবার ক্রীড়ার প্রাণকেন্দ্র করতে সম্মিলিত উদ্যোগের ডাক তামিম ইকবালের

চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে ‘Future of Sports in Chattogram’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় নগরের শহীদ ফজলুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় চট্টগ্রামকে আধুনিক ক্রীড়া নগরী হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য রাজনীতিবিদ, ক্রীড়া পৃষ্ঠপোষক ও ক্রীড়ানুরাগী আমির খসরু মাহমুদ চৌধুরী। আলোচনা সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন ক্রীড়া সংগঠক সিরাজউদ্দিন মো. আলমগীর।

শুরুর বক্তব্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ইসরাফিল খসরু চট্টগ্রামের ক্রীড়া উন্নয়নের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন। তিনি চট্টগ্রামকে একটি আধুনিক ক্রীড়া নগরী হিসেবে গড়ে তুলতে সময়োপযোগী একটি রোডম্যাপ উপস্থাপন করেন, যা উপস্থিতিদের প্রশংসা কুড়ায়।

আলোচনা সভায় ক্রীড়া সংগঠকদের পক্ষে বক্তব্য দেন প্রথিতযশা ক্রীড়া সংগঠক মো. হাফিজুর রহমান, মশিউর রহমান স্বপন, চট্টগ্রাম মেট্রোপলিটন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কমান্ডার মো. শাহাবুদ্দিন, শাহাবুদ্দীন জাহাঙ্গীর, আমিনুল ইসলামসহ অনেকে। এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মুজিবুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের উপ-পরিচালক মো. শোয়েব, শিক্ষার্থী রহমতুল ইসলাম সোহেল, জাতীয় ক্রিকেটার ইমরুল করিম এবং জাতীয় সাঁতারু নুজহাত জাহানও তাদের মতামত তুলে ধরেন।

বক্তারা চট্টগ্রামের ক্রীড়া অবকাঠামোর সীমাবদ্ধতা, খেলোয়াড় তৈরির অনুকূল পরিবেশের ঘাটতি এবং জাতীয় পর্যায়ে চট্টগ্রামের অংশগ্রহণ কমে যাওয়ার বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে সম্ভাবনাময় দিকগুলো কাজে লাগাতে সমন্বিত পরিকল্পনা ও দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন তারা।

প্রধান আলোচক আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামের ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির জন্য আধুনিক অবকাঠামো উন্নয়ন, মানসম্মত প্রশিক্ষণ ব্যবস্থা এবং খেলোয়াড়দের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি। ক্রীড়াঙ্গনের উন্নয়নকে গুরুত্ব দিয়ে আসন্ন নির্বাচনের ইশতেহারে এ সংক্রান্ত পরিকল্পনা অন্তর্ভুক্ত করার কথাও জানান তিনি।

সঞ্চালক তামিম ইকবাল বলেন, একসময় চট্টগ্রাম দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম প্রধান কেন্দ্র ছিল। তবে সময়ের সঙ্গে সেই ধারাবাহিকতা কিছুটা কমে গেছে। এই অবস্থা থেকে উত্তরণে ক্রীড়া সংগঠক, কোচ, খেলোয়াড় ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি। সঠিক পরিকল্পনা ও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া গেলে চট্টগ্রামকে আবারও দেশের অন্যতম ক্রীড়া কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তামিম।

আলোচনা সভায় ক্রীড়া উন্নয়নে সুস্পষ্ট পরিকল্পনা ও প্রতিশ্রুতিমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। একই সঙ্গে তরুণ প্রজন্মকে ক্রীড়ায় আরও সম্পৃক্ত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন ক্রীড়া সংগঠন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, খেলোয়াড়, কোচ ও ক্রীড়া সংশ্লিষ্ট বিপুলসংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।