রাদারফোর্ডের ঝড়ে ইংল্যান্ডকে ৩০ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 3 মিনিট আগে
রাদারফোর্ডের ঝড়ে ইংল্যান্ডকে ৩০ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ

রাদারফোর্ডের ঝড়ে ইংল্যান্ডকে ৩০ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ

রাদারফোর্ডের ঝড়ে ইংল্যান্ডকে ৩০ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গ্রুপ ‘সি’ ম্যাচে ইংল্যান্ডকে ৩০ রানে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেরফেন রাদারফোর্ডের অপরাজিত ৭৬ রানের ইনিংস ও স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় নিশ্চিত করে ক্যারিবীয়রা।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। শুরুতেই জোফরা আর্চার ও স্যাম কারানের আঘাতে দুই ওপেনার শাই হোপ ও ব্র্যান্ডন কিংকে হারায় ওয়েস্ট ইন্ডিজ।

তবে শিমরন হেটমায়ার (২৩) ও রোস্টন চেজ (৩৪) ২৮ বলে ৪৭ রানের জুটি গড়ে দলকে চাপে থেকে টেনে তোলেন। নিয়মিত উইকেট পড়লেও ইনিংসের হাল ধরেন রাদারফোর্ড। শুরুতে সময় নিয়ে পরে ঝড় তোলেন তিনি। ৭টি ছক্কা ও ২টি চারে অপরাজিত ৭৬ রান করেন এই বাঁহাতি ব্যাটার।

রভম্যান পাওয়েলের সঙ্গে পঞ্চম উইকেটে ৫১ ও জেসন হোল্ডারের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৬১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন রাদারফোর্ড। হোল্ডার ১৭ বলে ৩৩ রান করে শেষ দিকে গতি বাড়ান। বিশেষ করে কারানের এক ওভারে তিনটি বিশাল ছক্কা হাঁকান তিনি। শেষ চার ওভারে ৫৪ রান তুলে ৬ উইকেটে ১৯৬ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ।

ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নেন। জেমি ওভারটনও নেন ২ উইকেট।

১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফিল সল্ট ঝড়ো সূচনা করেন। হোল্ডারের এক ওভারে ২৪ রান তোলেন তিনি। তবে রোমারিও শেফার্ড দ্রুত সল্টকে ফিরিয়ে দিয়ে ম্যাচে ফেরান ক্যারিবীয়দের। জ্যাকব বেথেল ও জস বাটলার মিলে পাওয়ারপ্লেতে তোলে ৬৭/১ যা এই আসরের দ্বিতীয় সর্বোচ্চ পাওয়ারপ্লে সংগ্রহ।

মধ্য ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রোস্টন চেজ ও গুডাকেশ মোটি। টানা ওভারে বাটলার ও টম ব্যান্টনকে ফিরিয়ে দেন তারা। মোটি ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের আশা ভেঙে দেন। চেজও দ্বিতীয় উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলেন।

শেষদিকে স্যাম কারান লড়াইয়ের চেষ্টা করলেও অন্য প্রান্তে নিয়মিত উইকেট পতন ও দুটি রানআউটে ভেঙে পড়ে ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে লক্ষ্য ছুঁতে না পেরে ৩০ রানের হার মেনে নেয় ব্রুকের দল।