টেকনোক্রেট কোটায় যুব ও ক্রীড়ায় নতুন মুখ আমিনুল হক
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 28 মিনিট আগে
টেকনোক্রেট কোটায় যুব ও ক্রীড়ায় নতুন মুখ আমিনুল হক
টেকনোক্রেট কোটায় যুব ও ক্রীড়ায় নতুন মুখ আমিনুল হক
রাজনীতির মাঠে নির্বাচনী পরাজয় থাকলেও শেষ পর্যন্ত রাষ্ট্রীয় দায়িত্বে জায়গা করে নিলেন সাবেক তারকা ফুটবলার আমিনুল হক। টেকনোক্রেট কোটায় তাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন সরকার।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেন।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ওই আসনে জামায়াতের প্রার্থী কর্নেল (অব.) আব্দুল বাতেনের কাছে পরাজিত হন আমিনুল হক। নির্বাচনে জয়ী হতে না পারলেও টেকনোক্রেট কোটায় মন্ত্রিসভায় স্থান পাওয়ায় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে উঠে এলেন তিনি।
সাবেক জাতীয় ফুটবলার হিসেবে দেশের ক্রীড়াঙ্গনে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। জাতীয় দলে নিয়মিত খেলা এবং ঘরোয়া লিগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে ফুটবল অঙ্গনে তিনি সুপরিচিত মুখ। সংশ্লিষ্টরা মনে করছেন, ক্রীড়া উন্নয়ন, আধুনিক ক্রীড়া নীতি প্রণয়ন এবং যুব কার্যক্রম জোরদারে তার অভিজ্ঞতা কার্যকর ভূমিকা রাখতে পারে।
রাজনৈতিক ও সাংগঠনিক দায়িত্বের পাশাপাশি ক্রীড়াজগতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যুব ও ক্রীড়া খাতে নতুন গতি আনতে পারবেন এমন প্রত্যাশাই করছেন দলীয় নেতাকর্মী ও ক্রীড়াপ্রেমীরা।
