বিশ্বকাপ ঝড়ে ফারহান দুইয়ে, শীর্ষে অভিষেক
বিশ্বকাপ ঝড়ে ফারহান দুইয়ে, শীর্ষে অভিষেক
বিশ্বকাপ ঝড়ে ফারহান দুইয়ে, শীর্ষে অভিষেক
টি–টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সে র্যাংকিং টেবিলে জমে উঠেছে শীর্ষ লড়াই। বুধবার প্রকাশিত সর্বশেষ সাপ্তাহিক হালনাগাদে পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান উঠে এসেছেন দুই নম্বরে, শীর্ষে থাকা ভারতের অভিষেক শর্মার সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছেন উল্লেখযোগ্যভাবে।
আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়েছেন ফারহান। এক আসরে দুটি সেঞ্চুরি করা প্রথম ব্যাটার হিসেবে নাম লেখান তিনি। সুপার এইট পর্বের শেষ ম্যাচে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের দ্বিতীয় শতক পূর্ণ করেন ডানহাতি এই ব্যাটার। সেই ইনিংসই তাকে র্যাংকিংয়ে এক ধাপ ওপরে তুলেছে এবং এনে দিয়েছে ক্যারিয়ারসেরা রেটিং।
শীর্ষে থাকা অভিষেক শর্মা এখনো এক নম্বর স্থান ধরে রেখেছেন। তবে ফারহানের সঙ্গে তার ব্যবধান কমে দাঁড়িয়েছে ২৬ রেটিং পয়েন্টে। বর্তমানে ফারহানের সংগ্রহ ৮৪৮ পয়েন্ট। বিশ্বকাপে ৩৮৩ রান করে তিনি ইংল্যান্ডের ফিল সল্টকে পেছনে ফেলেছেন।
সুপার এইট শেষ হতেই ব্যাটিং র্যাংকিংয়ে এসেছে আরও কিছু পরিবর্তন। ভারতের ইশান কিশান ৭৮৩ পয়েন্ট নিয়ে উঠে এসেছেন চারে। তিলক ভার্মা ৭৪৯ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করছেন। দক্ষিণ আফ্রিকার ডিওয়াল্ড ব্রেভিস এক ধাপ এগিয়ে আটে জায়গা করে নিয়েছেন।
সবচেয়ে বড় লাফ দিয়েছেন জিম্বাবুয়ের ব্রায়ান বেনেট। ২৯২ রান করে ছয় ধাপ এগিয়ে এখন তিনি ১১ নম্বরে। দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন ও এইডেন মার্করামও উন্নতি করেছেন। তারা যথাক্রমে ১৩ ও ১৬ নম্বরে।
বোলিং র্যাংকিংয়ে শীর্ষে আছেন ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী। তবে তার লিড কমে এসেছে ১৮ পয়েন্টে। এখন পর্যন্ত ১২ উইকেট নেওয়া এই স্পিনারের পেছনে দ্রুত এগোচ্ছেন পাকিস্তানের আবরার আহমেদ, যিনি দুই ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছেন।
ভারতের জাসপ্রিত বুমরাহ এক ধাপ এগিয়ে সাত নম্বরে, আর আর্শদীপ সিং ছয় ধাপ লাফিয়ে ১৩ নম্বরে। ইংল্যান্ডের লিয়াম ডসন নয় ধাপ এগিয়ে যৌথভাবে ১৪ নম্বরে অবস্থান করছেন। দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি ছয় ধাপ এগিয়ে এখন ২০ নম্বরে।
অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে আছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী এখন ভারতের হার্দিক পান্ডিয়া, যিনি এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে পাকিস্তানের সাইম আয়ুবকে সরিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ জেসন হোল্ডারও দারুণ উত্থান ঘটিয়েছেন। ব্যাট ও বল হাতে পারফরম্যান্সে আট ধাপ এগিয়ে এখন তিনি ১১ নম্বরে।
