৯ উইকেটের দাপুটে জয়ে ফাইনালে নিউজিল্যান্ড, বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা
৯ উইকেটের দাপুটে জয়ে ফাইনালে নিউজিল্যান্ড, বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা
৯ উইকেটের দাপুটে জয়ে ফাইনালে নিউজিল্যান্ড, বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা
টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দাপুটে জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে একপ্রকার উড়িয়ে দিয়েছে কিউইরা।
ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল ধীরগতির। পাওয়ারপ্লেতে ২ উইকেট হারিয়ে তোলে ৪৮ রান। ৬.৪ ওভারে দলীয় পঞ্চাশ এবং ১৩.৫ ওভারে শতরান এলেও মাঝের ওভারগুলোতে বড় জুটি গড়তে পারেনি তারা। ট্রিস্টান স্টাবস (২০ বলে ১৮) ও মার্কো জানসেন (২০ বলে ২৮) ৪০ বলে ৫০ রানের একটি জুটি গড়ে ইনিংসে কিছুটা স্থিতি আনেন।
শেষ দিকে জানসেনই ইনিংসে গতি আনেন। ২৭ বলে ৫২ রানের ঝড়ো ইনিংসে পাঁচটি ছক্কা হাঁকিয়ে দলকে ১৮তম ওভারে ১৫০ পার করান তিনি। তবে নিয়মিত উইকেট পতনের কারণে শেষ দিকে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি প্রোটিয়ারা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৬৯ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টিম সাইফার্ট ও ফিন অ্যালেন। মাত্র ৪.১ ওভারেই দলীয় পঞ্চাশ ছুঁয়ে ফেলে তারা। পাওয়ারপ্লে থেকে আসে উইকেট না হারিয়ে ৮৪ রান, যা ম্যাচের গতিপথ একেবারে বদলে দেয়।
৪৭ বলেই ওপেনিং জুটিতে আসে ১০০ রান। সাইফার্ট ২৮ বলে করেন ৫৩ রান, আর অ্যালেন খেলেন আরও বিধ্বংসী ইনিংস। মাত্র ১৯ বলে অর্ধশতক ছোঁয়ার পর তিনি ৩৩ বলেই শতরান পূর্ণ করেন। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৮টি ছক্কা। টি–টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বের অন্যতম ধ্বংসাত্মক ব্যাটিং প্রদর্শনী।
১২.১ ওভারে ১৫০ পার করে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ১২.৫ ওভারেই ১ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলে জয় নিশ্চিত করে তারা। হাতে থাকে সাত ওভারেরও বেশি সময়।
এই জয়ে আত্মবিশ্বাসে ভরপুর নিউজিল্যান্ড এখন ফাইনালের অপেক্ষায়। অন্যদিকে লড়াকু সংগ্রহ গড়েও কিউইদের আগ্রাসী ব্যাটিংয়ের সামনে অসহায় হয়ে বিদায় নিতে হলো দক্ষিণ আফ্রিকাকে।
