পাকিস্তান টেস্ট দলের কোচ হচ্ছেন সাবেক ক্রিকেটার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তান টেস্ট দলের কোচ হচ্ছেন সাবেক ক্রিকেটার

পাকিস্তান টেস্ট দলের কোচ হচ্ছেন সাবেক ক্রিকেটার

পাকিস্তান টেস্ট দলের কোচ হচ্ছেন সাবেক ক্রিকেটার

পাকিস্তান টেস্ট দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক অধিনায়ক সারফরাজ আহমেদ। দীর্ঘ পাঁচ মাস ধরে শূন্য থাকা এই পদে তার নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই আসতে পারে বলে জানিয়েছে জিও নিউজ। সবকিছু ঠিক থাকলে আগামী মে মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকেই শুরু হবে তার নতুন অধ্যায়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আজহার মাহমুদ। তবে স্থায়ী সমাধান হিসেবে বোর্ডের আস্থা এখন সারফরাজের দিকেই ঝুঁকেছে। বর্তমানে তিনি পাকিস্তান শাহিনস দলের সঙ্গে কাজ করছেন এবং সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে সিরিজে দলের সঙ্গেই রয়েছেন।

অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপজয়ী দলের মেন্টর হিসেবে সাম্প্রতিক সাফল্য সারফরাজের পক্ষে বড় ভূমিকা রেখেছে। তরুণদের নিয়ে তার কাজ বোর্ডের নজর কাড়ে। টুর্নামেন্ট চলাকালীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভীর কাছেও সমর্থকদের একটি অংশ সারফরাজকে জাতীয় দলের কোচ করার দাবি তোলেন। সব মিলিয়ে বোর্ডের ভেতরে ও বাইরে তার প্রতি সমর্থন স্পষ্ট হয়ে ওঠে।

খেলোয়াড়ি জীবনে সারফরাজ ছিলেন লড়াকু এক ক্রিকেটার। ৫৪টি টেস্টে ৩ হাজার ৩১ রান করেছেন তিনি, আছে চারটি সেঞ্চুরি ও ২১টি অর্ধশতক। ১৩ টেস্টে নেতৃত্ব দিয়ে চারটি জয় এনে দেন দলকে। এর মধ্যে ২০১৮ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়টি এখনও সমর্থকদের মনে বিশেষ জায়গা দখল করে আছে। ২০২৩ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষবারের মতো সাদা পোশাকে মাঠে নামেন তিনি।

সাদা বলের ক্রিকেটেও ছিল তার দৃঢ় উপস্থিতি। ১১৭ ওয়ানডেতে ২ হাজার ৩১৫ রান এবং ৬১ টি–টোয়েন্টিতে ৮১৮ রান করেছেন এই উইকেটকিপার-ব্যাটার। অধিনায়ক হিসেবে সীমিত ওভারের ক্রিকেটেই বেশি সফল তিনি। বিশেষ করে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানকে শিরোপা জেতানো তার নেতৃত্বগুণের সবচেয়ে বড় প্রমাণ। টি–টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে তার জয়ের হার ছিল ৭৮ দশমিক ৩৭ শতাংশ।

বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে আছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ড্র করার পর সামনে অপেক্ষা করছে বাংলাদেশের বিপক্ষে নতুন চ্যালেঞ্জ। সেই সিরিজ দিয়েই যদি সারফরাজের কোচিং অধ্যায় শুরু হয়, তবে সেটি হবে তার ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ মোড় এবার ড্রেসিংরুমের ভেতর থেকে নেতৃত্ব দেওয়ার পালা।