মালয়েশিয়াকে ১৫৩ রানে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিশাল জয়
-
1
প্রযুক্তির নাটকে বেঁচে যাওয়া স্মিথের ৭১, ড্রেসিংরুমে হাঁটা দিয়েও ক্রিজে ফেরার ঘটনা ঘিরে বিতর্ক
-
2
অজিদের ১৯৮ রানে আটকে হাসানের ৬ উইকেট
-
3
প্রসেস মেনে বল করেছি, এটাই কাজে এসেছে- হাসান
-
4
ডারউইন টেস্টে পেসারদের দাপটের পর তানজিদ-মুমিনুলের ব্যাটে বাংলাদেশের স্বপ্নের সূচনা
-
5
তামিমের দুর্দান্ত শতকে বাংলাদেশের দাপট, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫৩ রানের লিড
মালয়েশিয়াকে ১৫৩ রানে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিশাল জয়
মালয়েশিয়াকে ১৫৩ রানে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিশাল জয়
শেখ পারভেজ জীবনের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে সফরকারী মালয়েশিয়াকে ১৫৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ৫০ ওভারের ম্যাচে এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
আজ টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। মাত্র ১১ রানেই ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে তারা। সেখান থেকে দলীয় সংগ্রহকে কিছুটা সামাল দেন অধিনায়ক কালাম সিদ্দিকী আলীন (৩৪) এবং শাহরিয়ার শাকিব (২১)। তবে ১০০ রানে ৫ উইকেট হারিয়ে স্বাগতিকরা পুনরায় চাপে পড়লে দলের হাল ধরেন মোহাম্মদ আব্দুল্লাহ এবং আহরার আমিন।
ষষ্ঠ উইকেটে এই দুই ব্যাটার মিলে গড়ে তোলেন মূল্যবান ১০৩ রানের জুটি। আহরার আমিন ৬২ বলে ৬১ রান করে দলের ২০৩ রানের মাথায় আউট হলেও অন্যপ্রান্তে সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন আব্দুল্লাহ। তবে দুর্ভাগ্যবশত সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি ১০০ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৯৪ রানের এক দায়িত্বশীল ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। শেষের দিকে শেখ পারভেজ জীবনের মাত্র ১৮ বলে অপরাজিত ৩৫ রানের টর্নেডো ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯০ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।
২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের বোলিং তোপে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মালয়েশিয়া। একপর্যায়ে ৯১ রানেই ৮ উইকেট হারিয়ে অলআউটের দ্বারপ্রান্তে পৌঁছে যায় সফরকারীরা। নবম উইকেটে আহমেদ জুবাইদি ও সৈয়দ জুনায়েদ খান ৪৬ রানের একটি জুটি গড়ে পরাজয়ের ব্যবধান কিছুটা কমান।
মালয়েশিয়ার পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন জুবাইদি। অবশেষে দলীয় ১৩৭ রানে জুবাইদিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সফরকারীদের ইনিংসের ইতি টানেন পারভেজ। ৭.৫ ওভারে মাত্র ১৬ রান খরচায় ৫টি উইকেট শিকার করেন এই অলরাউন্ডার। বাংলাদেশ বোলারদের মধ্যে মারুফ মৃধা ও স্বাধীন ইসলাম ২টি করে উইকেট নেন।
ধারাবাহিক ব্যাটিং ও ৫ উইকেটের ম্যাচজয়ী বোলিংয়ের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন শেখ পারভেজ জীবন।
