সাকিব প্রসঙ্গে বোর্ডের অবস্থান পরিষ্কার, সিদ্ধান্ত এখন সরকারের হাতে
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
সাকিব প্রসঙ্গে বোর্ডের অবস্থান পরিষ্কার, সিদ্ধান্ত এখন সরকারের হাতে
সাকিব প্রসঙ্গে বোর্ডের অবস্থান পরিষ্কার, সিদ্ধান্ত এখন সরকারের হাতে
বাংলাদেশ ক্রিকেটে যেন এক অমীমাংসিত অধ্যায়ের নাম এখন সাকিব আল হাসান। মাঠের পারফরম্যান্সের বাইরে প্রশাসনিক ও আইনি জটিলতায় আটকে থাকা এই তারকার জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে আবারও সরগরম ক্রিকেটপাড়া। কয়েক সপ্তাহ ধরে থেমে থেমে চলা গুঞ্জন নতুন করে গতি পেয়েছে ফিরবেন কি ফিরবেন না, ফিরলে কবে এই প্রশ্ন এখন ড্রেসিংরুম থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত ঘুরপাক খাচ্ছে।
দেশসেরা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা নিয়ে এবার মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ফারুক আহমেদ। ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজেএ’র ইফতার অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বোর্ডের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেন। সাম্প্রতিক আইনি প্রক্রিয়া ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি।
বোর্ডের করণীয় নিয়ে কথা বলতে গিয়ে ফারুক আহমেদ বলেন, "সাকিবের ব্যাপারটা ক্রিকেট বোর্ড থেকে যা যা করার দরকার, মামলার কাগজপত্রগুলো জায়গা মতো দেয়া হয়েছে। এখন সরকার সিদ্ধান্ত নেবে এবং অবশ্যই আমরা আমাদের ক্রিকেট বোর্ড থেকে যে কাজটা করার ছিল, সেটা করে ফেলেছি।"
তার বক্তব্য থেকে স্পষ্ট, বিষয়টি এখন পুরোপুরি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। অর্থাৎ ক্রিকেট বোর্ড প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করলেও চূড়ান্ত অনুমোদন বা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাকিবের মাঠে ফেরার পথ খোলাসা হচ্ছে না। ফলে অনিশ্চয়তার আবহ কাটছে না, বরং অপেক্ষা দীর্ঘ হচ্ছে।
এদিকে ক্রিকেটাঙ্গনের সামগ্রিক পরিবেশ নিয়েও কথা বলেছেন বিসিবির এই সহ-সভাপতি। খেলোয়াড়, বোর্ড কর্মকর্তা ও সাংবাদিকদের মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন তিনি। ইফতার পরবর্তী আলোচনায় পারস্পরিক সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন ফারুক।
ক্রিকেট সংশ্লিষ্ট সবার উদ্দেশে তিনি বলেন, "আমি মনে করি যে, আমরা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছি, ক্রিকেট বোর্ড খেলোয়াড় সাংবাদিক যারাই আছেন। ক্রিকেট সংক্রান্ত সবার সাথে একটা সুষম থাকা খুবই জরুরি। কেননা আমাদের সবার লক্ষ্য কিন্তু একটাই।"
