পাইলট-সাংবাদিক ঘটনায় প্রতিক্রিয়া জানাল কোয়াব
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
পাইলট-সাংবাদিক ঘটনায় প্রতিক্রিয়া জানাল কোয়াব
পাইলট-সাংবাদিক ঘটনায় প্রতিক্রিয়া জানাল কোয়াব
মিডিয়া ও ক্রিকেট প্রশাসনের সম্পর্ক যেখানে পারস্পরিক শ্রদ্ধা আর পেশাদারিত্বের ওপর দাঁড়িয়ে থাকার কথা, সেখানে এক সংবাদ সম্মেলনের উত্তপ্ত মুহূর্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিসিবির গ্রাউন্ডস কমিটির সভায় সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটের সঙ্গে এক সাংবাদিকের বাক্যবিনিময় সেই অস্বস্তিকর পরিস্থিতিকেই সামনে এনেছে।
ঘটনাটি নিয়ে বুধবার দুঃখ প্রকাশ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়,
“সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে আমাদের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আমরা গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে গ্রহণ করছি। এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়, বিশেষ করে যেখানে পেশাদারিত্ব, সংযম ও পারস্পরিক শ্রদ্ধা থাকা প্রয়োজন।
“মতভেদ বা কঠিন প্রশ্ন থাকা স্বাভাবিক, কিন্তু তা প্রকাশ ও মোকাবিলায় পেশাগত শিষ্টাচার বজায় রাখা সবার দায়িত্ব। ক্রিকেটের কোচ, বোর্ড কর্মকর্তা, সমর্থক ও সাংবাদিক সকলের মর্যাদা সমানভাবে গুরুত্বপূর্ণ।”
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির গ্রাউন্ডস কমিটির সংবাদ সম্মেলনে এই ঘটনা ঘটে। সেখানে কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট আগামী কয়েক মাসের কাজের পরিকল্পনা তুলে ধরছিলেন। সংবাদ সম্মেলনের শেষ দিকে নিরাপত্তাজনিত কারণে সাংবাদিকদের স্টেডিয়ামে প্রবেশ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ওই সময় পাইলট সাংবাদিকের প্রশ্ন করার ভঙ্গি নিয়ে আপত্তি জানান। তিনি বলেন, প্রশ্নের ধরন তার পছন্দ হয়নি, তাই তিনি উত্তর দিতে চাননি। একই সঙ্গে তার মন্তব্য ছিল, ভিউ বাড়ানোর উদ্দেশ্যেই এমন প্রশ্ন করা হয়েছে।
সাংবাদিকদের স্টেডিয়ামে প্রবেশের বিষয়টি নিজের বিভাগের এখতিয়ারভুক্ত নয় বলেও জানান পাইলট। পাশাপাশি নতুন প্রকল্পের বাজেট কিংবা সরেজমিন পরিদর্শন সংক্রান্ত বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এক পর্যায়ে প্রশ্ন করার ধরনকে অনুপযুক্ত উল্লেখ করে তিনি সংবাদ সম্মেলন ত্যাগ করেন। তার সঙ্গে বিসিবির পরিচালক আব্দুর রাজ্জাকও একইভাবে সভাস্থল ছেড়ে চলে যান।
এই ঘটনার পর ক্রিকেটাঙ্গনে পেশাদার আচরণ, দায়িত্বের সীমা ও মিডিয়ার ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
