দারউইশ রাসুলির নেতৃত্বে এশিয়ান গেমসে আফগানিস্তান দল
দারউইশ রাসুলির নেতৃত্বে এশিয়ান গেমসে আফগানিস্তান দল
দারউইশ রাসুলির নেতৃত্বে এশিয়ান গেমসে আফগানিস্তান দল
আসন্ন এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। অভিজ্ঞ টপ-অর্ডার ব্যাটার দারউইশ রাসুলির নেতৃত্বে এই আসরে মাঠে নামবে একটি অনভিজ্ঞ স্কোয়াড। দলে ঠাঁই পেয়েছেন ছয়জন আন্তর্জাতিক ক্যাপহীন খেলোয়াড় এবং আরও পাঁচজনের রয়েছে ১০টির কম আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা।
দলের অভিজ্ঞতার ঘাটতি মেটাতে রাসুলির পাশাপাশি থাকছেন করিম জানাত ও নাজিবুল্লাহ জাদরান। এছাড়া স্পিন আক্রমণের মূল দায়িত্ব থাকবে ১০টির বেশি ম্যাচ খেলা একমাত্র স্পিনার নানগেয়ালিয়া খারোতের কাঁধে। আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট স্পাগিজা ক্রিকেট লিগে (এসসিএল) নজরকাড়া পারফর্ম করা তরুণদের পুরস্কৃত করেছেন নির্বাচনকরা।
এসসিএলের সর্বশেষ আসরে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক মোহাম্মদ আকরাম এবং দ্বিতীয় সেরা স্ট্রাইক রেটের মালিক খালিদ তানিওয়াল দলে সুযোগ পেয়েছেন। দুর্দান্ত অলরাউন্ড পারফর্ম করে টুর্নামেন্ট সেরা হওয়া ইসমত আলমও সুযোগ পেয়েছেন স্কোয়াডে। ২৯৪ রানের পাশাপাশি তিনি নিয়েছিলেন ৯টি উইকেট।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা ফয়সাল শিনোজাদা এবং তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ঈসাখিল ডাক পেয়েছেন। অনূর্ধ্ব-১৯ স্তরে দুর্দান্ত বল করা ফাস্ট বোলার ফারমানুল্লাহর ওপরও আস্থা রেখেছে দল। পেস বিভাগে তার সঙ্গী হিসেবে থাকছেন আবদুল্লাহ আহমাদজাই, ফরিদুন দাউদজাই, ইসমত আলম ও করিম জানাত। স্পিন বিভাগে খারোতের মূল সঙ্গী লেগস্পিনার আরব গুল মোমান্দ।
জাপানের আইচি-নাগোয়ায় আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্ট।
আফগানিস্তান স্কোয়াড:
দারউইশ রাসুলি (অধিনায়ক), মোহাম্মদ ইশাক (উইকেটরক্ষক), মোহাম্মদ আকরাম, হাসান ঈসাখিল, খালিদ তানিওয়াল, ইমরান মীর, ফয়সাল শিনোজাদা, নাজিবুল্লাহ জাদরান, ফারমানুল্লাহ, ইসমত আলম, করিম জানাত, নানগেয়ালিয়া খারোতে, আরব গুল মোমান্দ, ফরিদুন দাউদজাই, আবদুল্লাহ আহমাদজাই।
