আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাসি ভ্যান ডার ডুসেন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাসি ভ্যান ডার ডুসেন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাসি ভ্যান ডার ডুসেন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাসি ভ্যান ডার ডুসেন

দক্ষিণ আফ্রিকার শীর্ষ সারির ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) সঙ্গে হাইব্রিড কেন্দ্রীয় চুক্তিতে থাকা এই ক্রিকেটারকে ২০২৬-২৭ মৌসুমে নতুন করে চুক্তিবদ্ধ করা হয়নি। গত সাত মাস ধরে জাতীয় দলের বাইরে থাকা ডুসেন এখন থেকে ঘরোয়া দল লায়ন্স, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং ভবিষ্যৎ প্রজন্মকে কোচিং ও মেন্টরিংয়ে মনোযোগ দেবেন।

বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ডুসেন লিখেছেন, “গর্ব আর কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। প্রোটিয়াস জার্সি পরা এমন এক সম্মান, যা অর্জনে কঠোর পরিশ্রম ও আত্মত্যাগ প্রয়োজন। দেশের হয়ে খেলা আমার জীবনের সর্বোচ্চ সম্মান।”

তিনি লায়ন্সের কর্মকর্তারা, সিএসএর কোচিং স্টাফ, তার এজেন্ট ক্রিস কার্ডোসো এবং স্ত্রী লারাকে ধন্যবাদ জানান। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার জনগণ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তরুণদের উদ্দেশে বলেন, “বড় স্বপ্ন দেখো এবং তা পূরণে সর্বোচ্চ চেষ্টা করো।”

২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ১৮টি টেস্ট, ৭১টি ওয়ানডে এবং ৫৭টি টি-টোয়েন্টি খেলেছেন ডুসেন। ওয়ানডে ফরম্যাটেই তিনি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন, যেখানে ছয়টি সেঞ্চুরি ও ১৭টি হাফসেঞ্চুরি করেছেন। তার গড় দক্ষিণ আফ্রিকার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ, যা কেবল এবি ডি ভিলিয়ার্সের পেছনে।

২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার দলে জায়গা করে নেওয়া ডুসেন ওই আসরে দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন। এরপর ২০২৩ বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ধারাবাহিক পারফরম্যান্স দেখান তিনি।

টেস্ট ক্রিকেটে সম্ভাবনাময় শুরু করলেও শতক না পাওয়ার আক্ষেপ নিয়েই ক্যারিয়ারের ইতি টানলেন ডুসেন। ২০২১-২২ মৌসুমে অস্ট্রেলিয়া সফরের পর আর টেস্ট দলে সুযোগ পাননি তিনি।

দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের পরিচালক ইনক নকওয়ে ডুসেনের অবদান স্মরণ করে বলেন, “মাঠের পারফরম্যান্সের বাইরেও তিনি ড্রেসিংরুমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দলের সংস্কৃতি ও মান উন্নয়নে তার অবদান অনস্বীকার্য।”

আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হলেও অভিজ্ঞ এই ব্যাটার ভবিষ্যতে কোচিং বা মেন্টরিংয়ের মাধ্যমে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।