পাকিস্তান ক্রিকেটে নতুন বিতর্ক, কারণ দর্শানোর নোটিশ পেলেন নাসিম শাহ
পাকিস্তান ক্রিকেটে নতুন বিতর্ক, কারণ দর্শানোর নোটিশ পেলেন নাসিম শাহ
পাকিস্তান ক্রিকেটে নতুন বিতর্ক, কারণ দর্শানোর নোটিশ পেলেন নাসিম শাহ
পাকিস্তান ক্রিকেটে আবারও শৃঙ্খলা সংক্রান্ত বিতর্ক সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টকে কেন্দ্র করে তরুণ পেসার নাসিম শাহের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ড ইতোমধ্যে তাকে শোকজ নোটিশ দিয়েছে এবং তার ব্যাখ্যা পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে।
ঘটনার সূত্রপাত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচকে ঘিরে। ম্যাচটি অনুষ্ঠিত হয় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ওই ম্যাচের আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ঘোষণা দেন, জ্বালানি সংকটের কারণে এবারের আসরের ম্যাচগুলো দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হবে। তবে সেই ম্যাচেই ভিআইপি উপস্থিতি, বিশেষ করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের আগমন নিয়ে আলোচনা তৈরি হয়।
ম্যাচের দিন মরিয়ম নওয়াজকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে দেখা যায়। তিনি দুই দলের খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎও করেন। এ সময় পিসিবির একটি পোস্টকে উদ্ধৃত করে নাসিম শাহ নিজের অ্যাকাউন্টে একটি মন্তব্য করেন, যেখানে তিনি প্রশ্ন তোলেন কেন মরিয়ম নওয়াজকে ‘লর্ডসে রানীর মতো’ আচরণ করা হচ্ছে।
তবে পোস্টটি কিছুক্ষণের মধ্যেই মুছে ফেলা হয়। পরে নাসিম শাহ আরেকটি পোস্টে দাবি করেন, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং তিনি সেটি পুনরুদ্ধার করেছেন।
কিন্তু বিষয়টি সেখানেই থেমে থাকেনি। প্রায় ২৪ ঘণ্টা পর পিসিবি এক বিবৃতিতে জানায়, নাসিম শাহ তার কেন্দ্রীয় চুক্তির শর্ত এবং বোর্ডের মিডিয়া নীতিমালা লঙ্ঘন করেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। যদিও নির্দিষ্ট কোন ধারাটি ভঙ্গ হয়েছে তা স্পষ্ট করা হয়নি, তবে বোর্ডের আচরণবিধি অনুযায়ী বোর্ড, কর্মকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করা নিষিদ্ধ।
সম্প্রতি ক্রিকেটারদের রাজনৈতিক মত প্রকাশের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে পিসিবি। এর আগে অলরাউন্ডার আমের জামালকে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান দলের সাবেক অধিনায়ক ইমরান খানের প্রতি সমর্থনসূচক বার্তা প্রদর্শনের জন্য বড় অঙ্কের জরিমানা করা হয়েছিল।
এদিকে নাসিম শাহ পিএসএলের নতুন দল রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে খেলছেন। শনিবার তাদের ম্যাচ রয়েছে পেশোয়ার জালমির বিপক্ষে। তবে চলমান এই বিতর্ক তার পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলে কি না, সেটিই এখন দেখার বিষয়।
