বিসিবি নির্বাচন নিয়ে তদন্তে জোর, আইসিসির সঙ্গে আলোচনার ইঙ্গিত প্রতিমন্ত্রীর

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বিসিবি নির্বাচন নিয়ে তদন্তে জোর, আইসিসির সঙ্গে আলোচনার ইঙ্গিত প্রতিমন্ত্রীর

বিসিবি নির্বাচন নিয়ে তদন্তে জোর, আইসিসির সঙ্গে আলোচনার ইঙ্গিত প্রতিমন্ত্রীর

বিসিবি নির্বাচন নিয়ে তদন্তে জোর, আইসিসির সঙ্গে আলোচনার ইঙ্গিত প্রতিমন্ত্রীর

বিতর্ক, অভিযোগ আর অনিশ্চয়তার ছায়ায় ঢেকে আছে দেশের ক্রিকেট প্রশাসন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ঘিরে যে প্রশ্নগুলো উঠেছে, সেগুলোর উত্তর খুঁজতেই এখন নজর আটকে আছে একটি তদন্ত প্রতিবেদনের দিকে।

বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে ধারাবাহিকভাবে অভিযোগ তুলে আসা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবার সেই বিতর্কের আনুষ্ঠানিক অনুসন্ধানে জোর দিয়েছেন। তার অধীনস্থ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ইতোমধ্যেই পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে, যা নির্বাচন প্রক্রিয়ায় সম্ভাব্য অনিয়ম খতিয়ে দেখবে।

সংবাদ সম্মেলনে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে, বিভিন্ন স্তর থেকে আসা অভিযোগের প্রেক্ষাপট তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বিশেষ করে ক্লাব ও জেলা পর্যায়ের অসন্তোষের কথা উল্লেখ করে তিনি সরাসরি বলেন,

"ক্লাবগুলো থেকে একটি অভিযোগ এসেছে, বিভিন্ন জেলা লেভেল থেকে অভিযোগ আসছে। সেই অভিযোগগুলোকে আমরা আমলে নিয়ে আমরা একটি তদন্ত কমিটি করেছি। আমি আইসিসির সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেব। ক্রীড়া কূটনীতিটি আমরা আরো বেশি জোরদার করা উচিত।"

এই তদন্ত কমিটির ফলাফল যে বিসিবির বর্তমান পরিচালনা পরিষদের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেটিও স্পষ্ট করে দিয়েছেন তিনি। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত কোনো চূড়ান্ত মন্তব্য না করার ইঙ্গিত দেন প্রতিমন্ত্রী।

তদন্ত প্রক্রিয়ার গুরুত্ব ও নিজের অপেক্ষার অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও বলেন,

"আমরা একটি তদন্ত কমিটি করেছি। সেই তদন্ত কমিটির প্রতিবেদনের জন্য আমি অপেক্ষায় রয়েছি। সেই প্রতিবেদন আসলে সেটি যাচাই-বাছাই করে এবং আমি আইসিসির সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেব। বাট এর আগে এই বিষয়টি নিয়ে আমার মনে হয় যে আর কোনো কথা না বলাই ভালো।"

এদিকে বিসিবি ইতোমধ্যেই এক বিবৃতিতে এই তদন্ত কমিটি গঠনকে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি ভালোভাবে নাও নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে। তবে প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, আইসিসির সঙ্গে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শুধু নির্বাচন নয়, জাতীয় দলের সাম্প্রতিক ব্যর্থতাও তদন্তের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন আমিনুল হক। বিশেষ করে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে না পারার কারণ খতিয়ে দেখার ইঙ্গিত দিয়েছেন তিনি, যা নিয়ে ঈদুল ফিতরের পর নতুন সিদ্ধান্ত আসতে পারে।

জাতীয় দলের পারফরম্যান্স ও ক্রীড়া কূটনীতির ঘাটতির প্রসঙ্গ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন,

"বিশ্বকাপ ক্রিকেটে কেন আমরা খেলতে যেতে পারিনি বা কেন আমাদের ক্রীড়া কূটনীতির অভাব কোথায় ছিল আমাদের এই বিষয়গুলো অবশ্যই খতিয়ে দেখা উচিত এবং এটি নিয়ে আমি হয়তোবা ঈদের পরে আমি একটি তদন্ত কমিটি করে দেব।"