আবুধাবির গরমকে পাশ কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ধারাবাহিকতার পরীক্ষা বাংলাদেশের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 46 সেকেন্ড আগে
আবুধাবির গরমকে পাশ কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ধারাবাহিকতার পরীক্ষা বাংলাদেশের

আবুধাবির গরমকে পাশ কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ধারাবাহিকতার পরীক্ষা বাংলাদেশের

আবুধাবির গরমকে পাশ কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ধারাবাহিকতার পরীক্ষা বাংলাদেশের

টেস্ট ক্রিকেটে নিজেদের সাম্প্রতিক উন্নতির ধারাটা আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসাবের বাইরে থাকা ম্যাচ হলেও লড়াইয়ে কোনো ছাড় দিতে চায় না টাইগাররা। শুক্রবার আবুধাবিতে শুরু হতে যাওয়া ম্যাচের আগে অবশ্য আলোচনার বড় বিষয় হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাতের তীব্র গরম।

ম্যাচের আগের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রস্তুতি, আবহাওয়া ও কন্ডিশন নিয়ে কথা বলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের অনুশীলন ও নিজের শারীরিক অবস্থার কথাও জানান তিনি। তবে প্রতিকূল আবহাওয়াকে ম্যাচে নিজেদের পারফরম্যান্সের পথে বাধা হিসেবে দেখতে নারাজ টাইগার অধিনায়ক। 

শান্ত বলেন, ‘কন্ডিশন একটু গরম। এটা থাকবেই। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে এগুলোকে কোনোভাবেই অজুহাত হিসেবে দেখতে চাই না। প্লেয়াররাও এসব নিয়ে অত ভাবছে না। আমার রিকোভারি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, এখন সুস্থ আছি। দুই দিন অনুশীলন করেছি, এখন ভালো লাগছে।’

শুধু আবহাওয়া নয়, ভিন্ন পরিবেশে নিজেদের সামর্থ্য অনুযায়ী ক্রিকেট খেলার ওপরও জোর দিয়েছেন শান্ত। তার মতে, প্রতিপক্ষ ও কন্ডিশন বদলালেও পারফরম্যান্সে ধারাবাহিকতা ধরে রাখাই এখন বাংলাদেশের বড় লক্ষ্য। নিজেদের খেলায় উন্নতির সুযোগ এখনও আছে বলেও মনে করেন তিনি। এ প্রসঙ্গে অধিনায়ক বলেন, ‘ভিন্ন কন্ডিশনে, ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে আমাদের ধারাবাহিক হতে হবে। আমরা ভালো করছি, তবে আরও উন্নতির সুযোগ রয়েছে। নিজেদের দক্ষতা বাড়িয়ে ধারাবাহিক পারফরম্যান্স নিশ্চিত করতে হবে।’

টেস্ট ক্রিকেট নিয়ে নিজের আলাদা ভালো লাগার কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন শান্ত। ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠার সময় থেকেই দীর্ঘ সংস্করণের এই ফরম্যাটে খেলার আকাঙ্ক্ষা ছিল বলে জানান তিনি। বেশি টেস্ট খেলার সুযোগ পেলে সেটি দলের জন্যও ইতিবাচক হবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। টেস্টের প্রতি নিজের পছন্দের কথা জানিয়ে তিনি বলেন,

 ‘পেশাদার ক্রিকেটার হিসেবে ছোটবেলা থেকেই আমরা সবাই চেয়েছি টেস্ট ক্রিকেট খেলতে। ক্রিকেটারদের জিজ্ঞেস করলেও এই জবাবই পাবেন, সবাই টেস্ট ক্রিকেট খেলতে চেয়েছে। টেস্ট ক্রিকেট সবার জন্যই বিশেষ কিছু। যদি বেশি বেশি ম্যাচ খেলতে পারি, সব প্রতিপক্ষের সঙ্গে, ব্যাপারটা ভালো হবে। সীমিত ওভারের ম্যাচও আছে। তবে সবাই টেস্ট খেলতেই বেশি ভালোবাসে। আমি সীমিত ওভারের চেয়ে টেস্ট ক্রিকেট খেলতেই বেশি পছন্দ করবো।’