নিউজিল্যান্ডের নতুন ব্যাটিং কোচ সাবেক কিউই তারকা বিজে ওয়াটলিং

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
নিউজিল্যান্ডের নতুন ব্যাটিং কোচ সাবেক কিউই তারকা বিজে ওয়াটলিং

নিউজিল্যান্ডের নতুন ব্যাটিং কোচ সাবেক কিউই তারকা বিজে ওয়াটলিং

নিউজিল্যান্ডের নতুন ব্যাটিং কোচ সাবেক কিউই তারকা বিজে ওয়াটলিং

নিউজিল্যান্ড ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন সাবেক উইকেটকিপার-ব্যাটার বিজে ওয়াটলিং। তিনি বর্তমান ব্যাটিং কোচ লুক রনকির স্থলাভিষিক্ত হবেন।

নিউজিল্যান্ড ক্রিকেট আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ডিসেম্বরের শুরুতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই দায়িত্ব ছাড়বেন রনকি। তার জায়গায় কাজ শুরু করবেন ওয়াটলিং। আসন্ন অস্ট্রেলিয়া সফরে চার টেস্টের সিরিজের আগেই তিনি পূর্ণাঙ্গভাবে এই দায়িত্ব বুঝে নেবেন। তবে রূপান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ১৬ নভেম্বর থেকেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিং পেশায় আসেন ৪০ বছর বয়সী এই কোচ। নিউজিল্যান্ডের ঘরোয়া দল ওয়েলিংটন ফায়ারবার্ডস এবং নর্দার্ন ডিস্ট্রিক্টস-এর হেড কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তার অধীনেই নর্দার্ন ডিস্ট্রিক্টস ২০২৪-২৫ মৌসুমে প্লাংকেট শিল্ড এবং ২০২৫-২৬ মৌসুমে সুপার স্ম্যাশ শিরোপা জেতে।

জাতীয় দলে নতুন এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ওয়াটলিং বলেন, "আমি অত্যন্ত রোমাঞ্চকর অনুভব করছি। ব্ল্যাকক্যাপস পরিবারে ফিরে আসা এবং বর্তমান দলটির সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটা বিশেষ কিছু। বিগত বছরগুলোতে এই দল এবং সাপোর্ট স্টাফরা অসাধারণ সাফল্য অর্জন করেছে, আমি সেই ধারা বজায় রাখতে অবদান রাখতে চাই।"

ওয়াটলিংয়ের নিয়োগ নিয়ে নিউজিল্যান্ড হাই পারফরম্যান্স বিভাগের প্রধান ড্যারিল গিবসন বলেন, "কোচ হিসেবে ওয়েলিংটন ও নর্দার্ন ডিস্ট্রিক্টসে ওয়াটলিং নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। দলের অধিকাংশ খেলোয়াড়ের সঙ্গেই তার দারুণ সম্পর্ক রয়েছে।"

টেস্ট অধিনায়ক টম ল্যাথাম তাকে স্বাগত জানিয়ে বলেন, "বিজে এমন একজন ব্যক্তি যিনি মাঠের লড়াকু মানসিকতার জন্য পরিচিত। খেলোয়াড় হিসেবে তার যে ধৈর্য ও একাগ্রতা ছিল, কোচিংয়েও তিনি সেটি ধরে রাখবেন বলে আমার বিশ্বাস।"

নিউজিল্যান্ডের হয়ে উইকেটকিপার-ব্যাটার হিসেবে টেস্টে রেকর্ড ৩,৪০০ এর বেশি রান সংগ্রহ করেছেন ওয়াটলিং। ১৭৮টি প্রথম শ্রেণির ম্যাচে ১০ হাজারের বেশি রান, ১৮টি সেঞ্চুরি এবং ৪৫০টি ক্যাচ রয়েছে তার ঝুলিতে।