নিউজিল্যান্ড সফরে হতাশ দক্ষিণ আফ্রিকা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 18 মিনিট আগে
নিউজিল্যান্ড সফরে হতাশ দক্ষিণ আফ্রিকা

নিউজিল্যান্ড সফরে হতাশ দক্ষিণ আফ্রিকা

নিউজিল্যান্ড সফরে হতাশ দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপে রানার্স-আপ হওয়ার পর নিউজিল্যান্ড সফরে অন্তত একটি সাদা বলের সিরিজ জয়ের আশা ছিল দক্ষিণ আফ্রিকা নারী দলের। তবে সেই আশা পূরণ হয়নি। টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হেরে যাওয়ার পর ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে হার মানতে হয়েছে তাদের।

ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে একটি করে জয়-পরাজয় হলেও তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে হারে দক্ষিণ আফ্রিকা। ৬৬ রানের পরাজয়ে সিরিজ হাতছাড়া হয় তাদের। ম্যাচ শেষে প্রধান কোচ ম্যান্ডলা মাশিমবিয়ি হারের জন্য দায়ী করেছেন ‘বড় মুহূর্তগুলোতে ব্যর্থতা’কে।

ওয়েলিংটনে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে শুরুটা দারুণ করেছিল দক্ষিণ আফ্রিকা। মাত্র ৩.১ ওভারে ৩ রানেই ৩ উইকেট তুলে নেয় তারা। তবে এরপরই চাপ ধরে রাখতে ব্যর্থ হয় দলটি। কোচ মাশিমবিয়ির মতে, পরের কয়েক ওভারে চাপ ধরে রাখতে না পারায় ম্যাচের মোড় ঘুরে যায়।

নিউজিল্যান্ডের হয়ে চতুর্থ উইকেটে ২১১ রানের বিশাল জুটি গড়েন ম্যাডি গ্রিন ও ব্রুক হলিডে। গ্রিন অপরাজিত ১৪১ রান করেন, আর হলিডে ৯৮ রানে আউট হয়ে শতক মিস করেন অল্পের জন্য। শেষের দিকে বাউন্ডারি আটকাতে না পারাও বড় কারণ হিসেবে দেখছেন কোচ।

ব্যাটিংয়েও হতাশ করেছে দক্ষিণ আফ্রিকা। লরা উলভার্ডট সিরিজে দুটি ৬৯ রানের ইনিংস খেললেও দলের অন্য ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংস আসেনি। পুরো সফরে একটি শতকও করতে পারেনি দলটি, যা নিয়ে হতাশা প্রকাশ করেছেন মাশিমবিয়ি।

তিনি বলেন, “আমরা সাধারণত শতক করার জন্য পরিচিত একটি দল। কিন্তু এই সফরে একটি শতকও করতে পারিনি। পার্টনারশিপ না হলে বড় ইনিংসও আসে না।”

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এই পারফরম্যান্স কিছুটা উদ্বেগ তৈরি করছে। যদিও কোচের মতে, এটি দলের সামর্থ্যের প্রতিফলন নয়, বরং কিছু ছোট ভুল ও মনোযোগের ঘাটতির ফল।

সফর শেষে এখন ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। আসন্ন এই সিরিজকে সামনে রেখে ভুলগুলো শুধরে নেওয়ার ওপরই জোর দিচ্ছে দলটি।