বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাথিরানা
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাথিরানা
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাথিরানা
চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার তারকা পেসার মাথিশা পাথিরানা। স্ক্যানে তার পায়ের পেশিতে টান ধরা পড়েছে, সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। তবে এই মুহূর্তে তার আইপিএল খেলা নিয়ে শঙ্কা নেই বলে জানা গেছে।
পাথিরানার বদলি হিসেবে বুধবার দলে নেওয়া হয়েছে ২৫ বছর বয়সী পেসার দিলশান মাদুস্কাকে। জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার শেষ গ্রুপ ম্যাচের আগের দিন এই ঘোষণা আসে। ইতোমধ্যে দুই দলই সুপার এইট পর্বে জায়গা নিশ্চিত করেছে।
পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নিজের চতুর্থ বল করার পর বাঁ পায়ে চোট পেয়ে মাঠে লুটিয়ে পড়েন পাথিরানা। পরে তাকে সহায়তা করে মাঠের বাইরে নেওয়া হয়। ওই ইনিংসে আর বোলিংয়ে ফিরতে পারেননি তিনি।
শ্রীলঙ্কার সেরা ডেথ বোলারদের একজন পাথিরানা। একই সঙ্গে তিনি দলের সবচেয়ে দ্রুতগতির পেসারও। তার অনুপস্থিতি নিঃসন্দেহে বড় ধাক্কা লঙ্কানদের জন্য।
বদলি হিসেবে আসা মাদুশঙ্কা এখন পর্যন্ত ১৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৩১.৮৬ গড়ে ১৫ উইকেট নিয়েছেন। তার ইকোনমি রেট ৯.৭৫। সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন ২০২৪ সালের জুলাইয়ে ভারতের বিপক্ষে পাল্লেকেলেতে, যেখানে তিন ওভারে ৪৫ রান দেন তিনি।
২০২৫ সালের শুরুর দিকে আরেকটি পায়ের চোটে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন মাদুশঙ্কা। পরে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে দলে ফিরলেও কোনো ম্যাচ খেলেননি। জিম্বাবুয়ে সফরে দুই ওয়ানডেতে পাঁচ উইকেট নেওয়ার পর আবারও হাঁটুর চোটে পড়েন তিনি।
ম্যাচ ফিটনেসের অভাবে বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার শেষ কয়েকটি সফরে জায়গা হয়নি তার। তবে পাথিরানার চোটে আবারও সুযোগ পেলেন এই বাঁহাতি পেসার। খুব বেশি দিন আগের কথা নয়, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতে ২১ উইকেট নিয়ে শীর্ষ উইকেটশিকারিদের একজন ছিলেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে শ্রীলঙ্কা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে পাল্লেকেলেতে, নিউজিল্যান্ডের বিপক্ষে খেত্তারামায় এবং পাকিস্তানের বিপক্ষে আবারও পাল্লেকেলেতে।
