হারিস রউফের ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা, যুক্ত হলো ১ ডিমেরিট পয়েন্ট
হারিস রউফের ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা, যুক্ত হলো ১ ডিমেরিট পয়েন্ট
হারিস রউফের ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা, যুক্ত হলো ১ ডিমেরিট পয়েন্ট
ইংল্যান্ডের বিরুদ্ধে লাহোরে রোমাঞ্চকর এক উইকেটের জয়ের ম্যাচে মেজাজ হারিয়ে শাস্তির মুখে পড়েছেন পাকিস্তানের গতিদানব হারিস রউফ। আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও ইংলিশ অলরাউন্ডার উইল জ্যাকসের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে তাকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুণতে হচ্ছে। একই সঙ্গে তার অ্যাকাউন্টে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
রোববার অনুষ্ঠিত ওই ম্যাচে ইংল্যান্ডের দেওয়া লক্ষ্য তাড়ায় পাকিস্তান যখন টানটান উত্তেজনায়, তখন ৪৬তম ওভারে ঘটনার সূত্রপাত। স্যাম কারানের একটি বাউন্সারকে আম্পায়ার শরফুদ্দৌলা 'ওয়াইড' না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নন-স্ট্রাইক প্রান্তে থাকা হারিস। একই সময়ে মিড-অনে থাকা উইল জ্যাকসের দিকে ব্যাট উঁচিয়ে রাগান্বিত ভঙ্গিতে এগিয়ে যান তিনি। আম্পায়ার শরফুদ্দৌলা থামানোর চেষ্টা করলেও রউফ এগিয়ে গিয়ে জ্যাকসের সঙ্গে তর্কে জড়ান। পরবর্তীতে জো রুট এসে তাকে শান্ত করেন।
ম্যাচ শেষে হাত মেলানোর সময়ও রউফ ও জ্যাকসকে আবারও কথা বলতে দেখা যায়। তবে সব উত্তেজনা পেছনে ফেলে ম্যাচের নায়ক হন রউফ নিজেই। অভিষিক্ত ইংলিশ পেসার হেনরি ক্রোকম্বকে চার মেরে ১৭ বল বাকি থাকতেই পাকিস্তানের ১ উইকেটের অবিস্মরণীয় জয় নিশ্চিত করেন তিনি।
বিগত ১৪ মাসে এটি রউফের পঞ্চম ডিমেরিট পয়েন্ট। গত বছর এশিয়া কাপে দুটি পৃথক শৃঙ্খলাভঙ্গের কারণে তিনি দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। আগামী বছরের ১৩ সেপ্টেম্বরের মধ্যে (২৪ মাসের চক্রে) যদি রউফের অ্যাকাউন্টে আরও ৩টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়, তবে তিনি চার ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়বেন।
অন্যদিকে, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় ইংল্যান্ড দলের সবাইকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সফরকারীরা নির্ধারিত সময়ের চেয়ে ৩ ওভার পিছিয়ে ছিল। ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক স্লো ওভার রেটের এই দায় ও শাস্তি মেনে নিয়েছেন।
