আগেভাগেই ঢাকায় পৌঁছেছে পাকিস্তান, কাল থেকে অনুশীলন
আগেভাগেই ঢাকায় পৌঁছেছে পাকিস্তান, কাল থেকে অনুশীলন
আগেভাগেই ঢাকায় পৌঁছেছে পাকিস্তান, কাল থেকে অনুশীলন
তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে শেষ পর্যন্ত সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দলটি।
এই সফরে পাকিস্তান দলকে নেতৃত্ব দিচ্ছেন তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি। তার অধিনায়কত্বে অপেক্ষাকৃত তরুণ একটি স্কোয়াড বাংলাদেশে এসেছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে।
সফরের প্রথম দিন বিশ্রামেই থাকবে পাকিস্তান দল। পরদিন থেকে তারা আনুষ্ঠানিকভাবে অনুশীলনে নামবে বলে জানা গেছে।
সূচি অনুযায়ী আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এই লড়াই ঘিরে ইতোমধ্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা দিয়েছে।
এর আগে শনিবার (৭ মার্চ) ঢাকায় পৌঁছান পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসনসহ কোচিং স্টাফের পাঁচ সদস্য। সিরিজের প্রস্তুতি ও অন্যান্য আনুষ্ঠানিক বিষয় তদারকির জন্য তারা আগেভাগেই বাংলাদেশে আসেন।
প্রাথমিক সূচি অনুযায়ী পাকিস্তান দলের ৯ মার্চ ঢাকায় আসার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে সফরটি নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব পড়ে সিরিজের সময়সূচির ওপরও। এমনকি সফরের সময় পরিবর্তনের সম্ভাবনাও তৈরি হয়েছিল একপর্যায়ে।
শেষ পর্যন্ত সব শঙ্কা কাটিয়ে নির্ধারিত সময়েই সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরিস্থিতি বিবেচনায় একদিন আগেই ঢাকায় এসে পৌঁছায় পাকিস্তান দল।
পাকিস্তান স্কোয়াড:
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আঘা ও শামিল হুসাইন।
