নিউজিল্যান্ডকে চোকার বললেন স্টেইন, স্যামসনের সেঞ্চুরির অপেক্ষায় অশ্বিন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
নিউজিল্যান্ডকে চোকার বললেন স্টেইন, স্যামসনের সেঞ্চুরির অপেক্ষায় অশ্বিন

নিউজিল্যান্ডকে চোকার বললেন স্টেইন, স্যামসনের সেঞ্চুরির অপেক্ষায় অশ্বিন

নিউজিল্যান্ডকে চোকার বললেন স্টেইন, স্যামসনের সেঞ্চুরির অপেক্ষায় অশ্বিন

টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ভারত ও নিউ জিল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে সাবেক ক্রিকেটারদের বিশ্লেষণ, ভবিষ্যদ্বাণী আর মন্তব্যে জমে উঠেছে ক্রিকেট অঙ্গন। সেই আলোচনায় যোগ দিয়ে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন নিউ জিল্যান্ডকে ঘিরে করেছেন বেশ কড়া মন্তব্য, অন্যদিকে ভারতের সাবেক স্পিনার রাভিচান্দ্রান অশ্বিন চোখ রাখছেন সাঞ্জু স্যামসনের সম্ভাব্য এক বিশেষ ইনিংসের দিকে।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সঙ্গে ‘চোকার’ শব্দটি বহুদিন ধরেই জড়িয়ে আছে। তবে বিশ্বকাপের মঞ্চে একাধিকবার ফাইনাল খেলেও শিরোপা জিততে না পারা নিউ জিল্যান্ডকে নিয়েও প্রশ্ন তুলেছেন ডেল স্টেইন। দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটিং তারকা এবি ডি ভিলিয়ার্সের ইউটিউব চ্যানেলে আলোচনার সময় কিউইদের উদ্দেশে সরাসরি বার্তা দেন তিনি।

“দেখো, সৎভাবেই বলছি। সবাই দক্ষিণ আফ্রিকাকে ‘চোকার’ ডাকতে পছন্দ করে, কিন্তু আমি বলতে চাই, নিউ জিল্যান্ডও তো খুব বেশি বিশ্বকাপ জেতেনি। তারা আমাদের চেয়ে বেশি ফাইনাল খেলেছে। তাই, নিউ জিল্যান্ডের প্রতি সম্মান রেখেই বলছি, দয়া করে এবার ট্রফিটা জেতো।”

স্টেইনের মতে, যদি এবারও শিরোপা জিততে না পারে নিউ জিল্যান্ড, তবে ‘চোকার’ তকমাটি তাদেরই প্রাপ্য হবে। একই আলোচনায় ভারতের বিপক্ষে ফাইনালে কিউইদের সম্ভাবনা নিয়েও নিজের সন্দেহ প্রকাশ করেন তিনি।

“তা না হলে, আমি আনুষ্ঠানিকভাবে ওই তকমা (চোকার) তোমাদের দিয়ে দেব, ওটা তোমাদেরই প্রাপ্য। আমি নিউ জিল্যান্ডকে পছন্দ করি, কিন্তু তারা ভারতকে হারাতে পারবে না। তাদের জিততে হলে ভারতকে অবিশ্বাস্য ‘চোক’ করতে হবে। আমি বলছি, এটা অসম্ভব। সত্যিই চাই তারা জিতুক, কিন্তু সত্যিই কি আমি ভাবছি যে, তারা ভারতকে হারাবে? না।”

এরপর অতীতের উদাহরণ টেনে এনে ২০১৫ বিশ্বকাপ ফাইনালের কথাও স্মরণ করেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার। তার মতে, সেই আসরেও নিউ জিল্যান্ড অস্ট্রেলিয়াকে হারানোর মতো অবস্থায় ছিল না।

“আমি এর জন্য নিউ জিল্যান্ডকে অপছন্দ করি। ২০১৫ বিশ্বকাপে তারা কখনোই ফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর অবস্থায় ছিল না। আমি বলতে চাচ্ছি, এটা বললে হয়তো লোকে আমাকে অপছন্দ করবে, তবে অস্ট্রেলিয়ায় সেবার অস্ট্রেলিয়াকে কেবল একটি দলই হারাতে পারত, আর সেটা হলো দক্ষিণ আফ্রিকা। এখন আবার ফাইনালে নিউ জিল্যান্ডকে দেখছি, আর তারা ভারতের মাটিতে ভারতের বিপক্ষে খেলবে।”

স্টেইনের এমন মন্তব্যের জবাবে মজার ছলেই সতর্কবার্তা দেন অনুষ্ঠানের সঞ্চালক এবি ডি ভিলিয়ার্স। নিউ জিল্যান্ড যদি সত্যিই শিরোপা জিতে নেয়, তাহলে সমালোচনার মুখে পড়তে হতে পারে—এমন ইঙ্গিত দেন তিনি।

“খেলাধুলার কারণে নিউ জিল্যান্ডের প্রতি অনেক সম্মান আছে আমার। কিন্তু ডেল, তারা যদি এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে যায়, তাহলে লোকে আমাকে আর তোমাকে মেরেই ফেলবে (হাসি)।”

অন্যদিকে ভারতের সাবেক স্পিনার রাভিচান্দ্রান অশ্বিনের নজর রয়েছে সাঞ্জু স্যামসনের দিকে। টুর্নামেন্টের শুরুতে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, স্যামসনের ব্যাট থেকে তিনটি সেঞ্চুরি আসতে পারে। যদিও এখন পর্যন্ত দুটি ইনিংস থেমে গেছে সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়ে, তবুও এতে হতাশ নন অশ্বিন।

নিজের ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে তিনি বলেন, এখন আর তিনটি সেঞ্চুরি নয়, একটি হলেই তিনি সন্তুষ্ট থাকবেন।

“আগে আমি বলেছিলাম যে, এবারের বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করবে স্যামসন। এক ম্যাচে সে অপরাজিত ৯৭ করেছে, পরেরটিতে ৮৯। এখন আমার মনে হয়, একটি সেঞ্চুরি করলেই যথেষ্ট!”

নিউ জিল্যান্ডের বিপক্ষে ফাইনালের আগে স্যামসনের সম্ভাবনা নিয়েও আশাবাদী ভারতের এই সাবেক স্পিনার। বিশেষ করে প্রতিপক্ষের বোলারদের মোকাবিলায় সঠিক উত্তর খুঁজে পেলে বড় ইনিংস খেলতে পারবেন বলেই মনে করেন তিনি।

“নিউ জিল্যান্ডের বিপক্ষে এবং মিচেল স্যান্টনার, ম্যাট হেনরির সামনে খুব ভালো দ্বিপাক্ষিক সিরিজ কাটাতে পারেনি সে। তবে জফ্রা আর্চারের জবাব যেভাবে সে বের করেছে, সেভাবে যদি ম্যাট হেনরির জবাবও খুঁজে পায়, তাহলে তাকে থামানোর কেউ নেই। আমরা চোখধাঁধানো এক শেষের অপেক্ষায় আছি এবং আশা করি সে পারবে।”