ফেরার অপেক্ষায় সাকিব, সমাধানের চেষ্টায় নিজেই

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ফেরার অপেক্ষায় সাকিব, সমাধানের চেষ্টায় নিজেই

ফেরার অপেক্ষায় সাকিব, সমাধানের চেষ্টায় নিজেই

ফেরার অপেক্ষায় সাকিব, সমাধানের চেষ্টায় নিজেই

দীর্ঘ সময় দেশের বাইরে থাকা, রাজনৈতিক পালাবদল এবং আইনি জটিলতা সবকিছুর মাঝেও দেশে ফেরার আশা ছাড়ছেন না বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রায় দুই বছর ধরে দেশের বাইরে অবস্থান করা এই তারকা ক্রিকেটার একটি জাতীয় দৈনিককে জানিয়েছেন, যত দ্রুত সম্ভব জটিলতা কাটিয়ে দেশে ফিরতে চান তিনি।

আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য সাকিব ২০২৪ সালে তার দলের পতনের পর আর দেশে ফিরতে পারেননি। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আইনি বাধা দূর করতে পারলে সাকিবকে দেশে স্বাগত জানানো হবে।

দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে নিজের অবস্থান ব্যাখ্যা করে সাকিব বলেন, “আমি আশাবাদী,  সবসময়ই একজন আশাবাদী মানুষ ছিলাম। আইনি প্রক্রিয়াগুলোর কাজ শুরু হয়েছে। এখন যত দ্রুত সম্ভব যদি আমি সমাধান করতে পারি…না না হলে হয়ত সময় লাগবে। কিন্তু আমি চেষ্টা করছি দ্রুত যেন সমস্যাগুলোর সমাধান করতে পারি। এখন বিষয়গুলো যত দ্রুত সমাধান করা সম্ভব হবে, আমি তত দ্রুতই ফিরতে পারব।”

সরকার বা ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগের প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন “আমি যতটুকু জানি বিসিবির মাধ্যমেই যোগাযোগ হচ্ছে (ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে)। আমার সঙ্গে সরাসরি কোন যোগাযোগ হয়নি। আর বিসিবির সঙ্গে মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না, এরকম অবস্থা। কাজেই নিজের উদ্যোগে সব কিছু করার চেষ্টা করছি। বাকিটা দেখা যাক।”

ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা বা বিদায়ী ম্যাচ খেলার বিষয়ে প্রশ্ন করা হলে সেটিকে আপাতত গৌণ হিসেবে দেখছেন সাকিব। দেশে ফেরাকেই প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “এটা তো আসলে পরের বিষয় (আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়া) বা সেকেন্ডারি  বিষয়; আমার প্রথম অগ্রাধিকার হলো দেশে ফেরা। বিসিবি বা অন্যদের সাক্ষাৎকার ও মন্তব্যে আমি দেখেছি যে তারা চায় আমি আসি এবং খেলি। কিন্তু যেহেতু একটি আইনি প্রক্রিয়া চলছে, তাই এগুলো শুধু মুখে বললে হবে না, বিষয়গুলো সমাধান করে আসতে হবে। যেহেতু আমি দূরে আছি, আমার হয়ে যদি এই কাজগুলো যদি বিসিবি করত, আমার জন্য সহজ হতো। আমি বলছি না একদমই করেনি, কিন্তু আরেকটু ভালোভাবে করা গেলে তাড়াতাড়ি সমাধান হওয়ার সম্ভাবনা থাকত। যেহেতু সেটা হয়নি, দেরি হচ্ছি আমি তাই আমার মতো করে সর্বোচ্চ চেষ্টা করছি এটার সমাধান করা যায়।”

সব মিলিয়ে, আইনি জটিলতা কাটিয়ে দ্রুত দেশে ফেরার লক্ষ্যেই এখন মনোযোগী সাকিব। মাঠে ফেরা কিংবা ক্যারিয়ারের শেষ অধ্যায় সবকিছুই আপাতত অপেক্ষায়, যতক্ষণ না তিনি নিজ দেশে ফিরে আসতে পারছেন।