বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না দক্ষিণ আফ্রিকা, পেস আক্রমণ নিয়ে সতর্ক বাভুমা
বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না দক্ষিণ আফ্রিকা, পেস আক্রমণ নিয়ে সতর্ক বাভুমা
বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না দক্ষিণ আফ্রিকা, পেস আক্রমণ নিয়ে সতর্ক বাভুমা
ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ প্রস্তুতির ওপর জোর দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা। সফরকারী শিবিরে তরুণ পেসার নাহিদ রানার অনুপস্থিতি কিংবা সাম্প্রতিক ব্যর্থতা থাকা সত্ত্বেও বাংলাদেশকে সমীহ করার বার্তা দিয়েছেন তিনি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই দুটি ম্যাচকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে প্রোটিয়া শিবির।
মঙ্গলবার শেষ বিকেলে টেস্ট দলের একাংশ প্রোটিয়াদের দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং বাকিদের আজ যাওয়ার কথা রয়েছে। আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। এরপর ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
সিরিজ শুরু হওয়ার আগেই সফরকারী বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে বাড়তি সতর্কতার কথা জানিয়েছেন বাভুমা। বিশেষ করে জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নের মতো হাইভেল্ড অঞ্চলের পেস সহায়ক কন্ডিশনে প্রতিপক্ষের বোলিং সামর্থ্যের কথা স্মরণে রেখে সান স্পোর্টসকে বাভুমা বলেছেন,
‘আমরা যে ভেন্যুগুলোতে খেলব, সেগুলোর কথা ভাবলে বাংলাদেশের জন্য হাইভেল্ড অঞ্চলের উইকেটগুলো পেস বোলিংয়ে সহায়ক হবে। আমার মনে হয়, পেস বোলিংয়ের দিক থেকে তাদের সেই সামর্থ্য ও সম্পদ রয়েছে।’
বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলই যে দুর্বল নয় এবং সামান্য অসতর্কতায় যেকোনো দল বিপদে পড়তে পারে এমন বাস্তবতার কথা স্মরণ করিয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক দলের ব্যাটারদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রতিপক্ষকে কোনো সুযোগ না দেওয়ার বিষয়ে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন,
‘ব্যাটিংয়ের দিক থেকে আমাদের নিশ্চিত করতে হবে, প্রস্তুতির প্রতিটি জায়গা ঠিকঠাক আছে কিনা। মানসিকভাবেও কোনো কিছু ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া দেওয়া যাবে না। এখন বিশ্বজুড়ে তাকালে দেখা যায়, কোনো দলই সহজ প্রতিপক্ষ নয়। নিজেদের দিনে যেকোনো দল অন্য দলকে চাপে ফেলতে পারে। তাই আমরা যেন অপ্রস্তুত অবস্থায় পড়ে না যাই, সেটি নিশ্চিত করতে হবে।’
সিরিজটি নিজেদের মাঠে হওয়া সত্ত্বেও বাংলাদেশকে মোটেও সহজ প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করছেন না স্বাগতিক অধিনায়ক। বাংলাদেশ দলের বিরুদ্ধে মাঠের লড়াইয়ে নামার আগে পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ করার দৃঢ়তা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে খেলার সময় এলে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নেব। তবে তাদের হালকাভাবে নিচ্ছি না।’
