তাসকিন-মিরাজের বোলিংয়ে প্রথম সেশনে চাপে পাকিস্তান
তাসকিন-মিরাজের বোলিংয়ে প্রথম সেশনে চাপে পাকিস্তান
তাসকিন-মিরাজের বোলিংয়ে প্রথম সেশনে চাপে পাকিস্তান
সকালের আকাশে ছিল ঘন মেঘ, উইকেটেও ছিল পেসারদের জন্য বাড়তি সহায়তা। এমন আবহে সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধাক্কা দিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ে লাঞ্চের আগেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে সফরকারীরা।
শনিবার দিনের শেষভাগে ৬ ওভার ব্যাট করে ২১ রান তুলেছিল পাকিস্তান। তবে রোববার সকালে সেই সূচনাকে বড় করতে পারেননি ওপেনাররা। দিনের দ্বিতীয় ওভারেই আঘাত হানেন তাসকিন। তার বল ব্যাট ছুঁয়ে গেলে বাঁ দিকে ঝাঁপিয়ে দৃষ্টিনন্দন ক্যাচ নেন লিটন দাস। ৯ রান করে ফিরেন আব্দুল্লাহ ফজল।
একই স্পেলে আরও একটি সাফল্য এনে দেন তাসকিন। আগের টেস্টে সেঞ্চুরি করা আজান আওয়াইস ১৩ রান করে শর্ট লেগে ক্যাচ দিলে মাত্র ২৬ রানেই দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান।
শুরুর ধাক্কা সামলে শান মাসুদ ও বাবর আজম জুটি গড়ার চেষ্টা করেছিলেন। তবে সেই প্রতিরোধও বেশিক্ষণ টেকেনি। মেহেদী হাসান মিরাজ অধিনায়ক মাসুদকে ২১ রানে ফিরিয়ে ৩৮ রানের জুটি ভেঙে দেন।
এরপর সৌদ শাকিলকেও চাপে রাখেন মিরাজ। ধীরগতির ইনিংসে ২৮ বল খেলে মাত্র ৮ রান করা এই বাঁহাতি ব্যাটার চাপ কাটাতে সুইপ খেলতে গিয়ে বিপদ ডেকে আনেন। বল ব্যাটের কানায় লেগে গ্লাভসে জমা পড়ে লিটন দাসের।
মধ্যাহ্ন বিরতিতে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৯৬ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে এখনো ১৮২ রানে পিছিয়ে আছে সফরকারীরা।
