অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

স্পিন সহায়ক উইকেটে ব্যাটিং সহজ ছিল না। তবে কঠিন সেই পরীক্ষায় সফলভাবেই উতরে গেছে পাকিস্তান। লাহোরে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

স্বল্প রানের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪২ ওভারে ১৫৭ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে পাকিস্তানও শুরুতে কিছুটা চাপে পড়লেও ৪১.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।

লক্ষ্য তাড়ায় দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন বাবর আজম। তবে ৩০তম ওভারে ম্যাথিউ কুনেমানের বলে বোল্ড হয়ে ফিরলে ১১২ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। সেখান থেকে শাদাব খান ও আবদুল সামাদ ধৈর্য ধরে ইনিংস এগিয়ে নেন। শেষ পর্যন্ত অপরাজিত ২৯ রান করা শাদাব এবং ১৮ রানে অপরাজিত থাকা সামাদের জুটিতেই জয় নিশ্চিত হয়। ম্যাচের শেষ মুহূর্তে অ্যাডাম জাম্পাকে লং-অনের ওপর দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন শাদাব।

এর আগে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিস। তিনি ৭১ বলে ৬৫ রানের লড়াকু ইনিংস খেললেও দলের অন্য ব্যাটাররা সুবিধা করতে পারেননি। ইংলিস ছাড়া আর কেউ ২০ রানের ঘর স্পর্শ করতে পারেননি।

মাঝের ওভারে পাকিস্তানের বোলারদের দাপটে ধসে পড়ে সফরকারীদের ব্যাটিং লাইনআপ। হারিস রউফ অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে ভাঙনের সূচনা করেন। এরপর পুরোনো বলে আঘাত হানেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। এক ওভারেই ইংলিস ও ক্যামেরন গ্রিনকে সাজঘরে ফেরান তিনি।

স্পিনার আবরার আহমেদও ছিলেন কার্যকর। ধীরগতির উইকেটে অস্ট্রেলিয়ার ব্যাটারদের ভোগাতে থাকেন তিনি। সিরিজ নির্ধারণী ম্যাচে সুযোগ পাওয়া কুপার কনোলিও তার শিকার হন। শেষদিকে শাদাব খান অলিভার পিক ও অ্যাডাম জাম্পার উইকেট তুলে নিলে দ্রুত গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। শেষ ব্যাটার নাথান এলিস রান আউট হলে থামে তাদের ইনিংস।

বল হাতে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার ছিলেন শাহিন আফ্রিদি। আবরার আহমেদ নেন দুটি উইকেট। এছাড়া শাদাব খানও দুটি উইকেট শিকার করে অলরাউন্ড নৈপুণ্য দেখান। তার সেই পারফরম্যান্সই শেষ পর্যন্ত পাকিস্তানকে সিরিজ জয়ের আনন্দ এনে দেয়।