সূর্যকুমারের জায়গায় শ্রেয়াস, ভারতের টি-টোয়েন্টি দলে ডাক পাচ্ছেন ১৫ বছরের বিস্ময় বালক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
সূর্যকুমারের জায়গায় শ্রেয়াস, ভারতের টি-টোয়েন্টি দলে ডাক পাচ্ছেন ১৫ বছরের বিস্ময় বালক

সূর্যকুমারের জায়গায় শ্রেয়াস, ভারতের টি-টোয়েন্টি দলে ডাক পাচ্ছেন ১৫ বছরের বিস্ময় বালক

সূর্যকুমারের জায়গায় শ্রেয়াস, ভারতের টি-টোয়েন্টি দলে ডাক পাচ্ছেন ১৫ বছরের বিস্ময় বালক

ভারতের টি-টোয়েন্টি দলে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবের অধ্যায়ের ইতি টেনে দায়িত্ব দেওয়া হতে পারে শ্রেয়াস আইয়ারকে। একই সঙ্গে জাতীয় দলে প্রথমবারের মতো সুযোগ পেতে যাচ্ছেন কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশী।

আগামী শনিবার আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা করা হবে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এটিই হতে যাচ্ছে ভারতের প্রথম টি-টোয়েন্টি সিরিজ। তবে সেই দলেই জায়গা হারাতে পারেন বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার।

৩৫ বছর বয়সী সূর্যকুমারের সাম্প্রতিক পারফরম্যান্স নির্বাচকদের ভাবনায় প্রভাব ফেলেছে বলে জানা গেছে। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে নয় ইনিংসে ২৪২ রান করলেও তার স্ট্রাইক রেট ছিল প্রত্যাশার তুলনায় কম। এরপর আইপিএলের সর্বশেষ মৌসুমেও ১৩ ইনিংসে মাত্র ২৭০ রান করেন তিনি। ফলে তার জায়গা নিয়ে আলোচনা শুরু হয় নির্বাচক মহলে।

অন্যদিকে দীর্ঘদিন জাতীয় দলের টি-টোয়েন্টি পরিকল্পনার বাইরে থাকলেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাবাহিক সাফল্য দেখিয়ে আবারও আলোচনায় এসেছেন শ্রেয়াস আইয়ার। ২০২৩ সালের ডিসেম্বরের পর আর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ না খেললেও নেতৃত্ব ও ব্যাটিং দুই ক্ষেত্রেই নিজেকে প্রমাণ করেছেন তিনি।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে ২০২৪ সালে শিরোপা জেতানোর পাশাপাশি দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলেছিলেন শ্রেয়াস। গত দুই মৌসুমে তার ব্যাট থেকেও এসেছে প্রচুর রান। ২০২৫ আইপিএলে ৬০৪ এবং ২০২৬ মৌসুমে ৪৯৮ রান করেন তিনি, দুবারই আক্রমণাত্মক স্ট্রাইক রেট ধরে রেখে।

ভারতীয় ক্রিকেটে এটি টানা দ্বিতীয় বছর, যখন বড় কোনো শিরোপা জয়ের পর অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কয়েক মাস পর ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছিল রোহিত শর্মাকে। যদিও তিনি দলে খেলোয়াড় হিসেবে জায়গা ধরে রেখেছিলেন।

এদিকে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সী এই ব্যাটার আইপিএলের সর্বশেষ আসরে ব্যাট হাতে ঝড় তুলেছেন। পুরো মৌসুমে ৭৭৬ রান করার পাশাপাশি তার স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ২৩৭-এর বেশি। জাতীয় দলে সুযোগ পেলে তিনি হবেন শচীন টেন্ডুলকারের পর ভারতের পুরুষ দলে সুযোগ পাওয়া সবচেয়ে কম বয়সী ক্রিকেটারদের একজন।

জাতীয় দলের জার্সি গায়ে তোলার আগে সূর্যবংশী ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজে খেলবেন। সেখানে আফগানিস্তানও অংশ নেবে।

আগামী ২৬ ও ২৮ জুন বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে ভারত। এরপর ১ থেকে ১১ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে তারা।