আইসিসির কাছে অভিযোগ করাকে ভিত্তিহীন বললেন বুলবুল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 12 মিনিট আগে
আইসিসির কাছে অভিযোগ করাকে ভিত্তিহীন বললেন বুলবুল

আইসিসির কাছে অভিযোগ করাকে ভিত্তিহীন বললেন বুলবুল

আইসিসির কাছে অভিযোগ করাকে ভিত্তিহীন বললেন বুলবুল

বাংলাদেশ ক্রিকেটের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ নেওয়ার প্রশ্নই ওঠে না, এমন দৃঢ় অবস্থান জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থায়ন বন্ধের অনুরোধ করেছিলেন বলে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন দেশের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এক ভিডিও বার্তায় তিনি বলেন, দেশের ক্রিকেটের ক্ষতি হতে পারে এমন কোনো উদ্যোগ তিনি অতীতেও নেননি, ভবিষ্যতেও নেবেন না।

সম্প্রতি ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে দাবি করা হয়, আমিনুল ইসলাম আইসিসির কাছে প্রায় ১৪ পৃষ্ঠার একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে বিসিবির বর্তমান নির্বাচিত পরিচালনা পর্ষদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বাংলাদেশে আইসিসির সব ধরনের অর্থায়ন স্থগিত রাখার অনুরোধ করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেন আমিনুল ইসলাম। সেখানে তিনি স্পষ্ট ভাষায় জানান, আইসিসির কাছে বাংলাদেশের অর্থায়ন বন্ধের কোনো অনুরোধ তিনি কখনো করেননি এবং এমন দাবি সম্পূর্ণ অসত্য।

তিনি বলেন, “একটা খবর দেখলাম যে আমি নাকি আইসিসিকে রিকোয়েস্ট করেছি বাংলাদেশের ফান্ডিং বন্ধ করে দেওয়ার জন্য। সেটা কখনোই সম্ভব না এবং সেটা আমার দ্বারা কখনো হয়নি, ঘটেওনি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আইসিসির কাছে আমি কখনো এমন কোনো রিকোয়েস্ট করব না, যাতে বাংলাদেশের কোনো ক্ষতি হয়।”

এরপর নিজের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ তোলেন সাবেক এই বিসিবি সভাপতি। তাঁর দাবি, একটি স্বার্থান্বেষী মহল নিয়মিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁকে বিতর্কিত করার চেষ্টা করে আসছে। দেশে দায়িত্ব পালন করার সময়ও তাঁকে ঘিরে নানা ধরনের গুজব ছড়ানো হতো, যা পরে সত্য প্রমাণিত হয়নি।

সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, “দেশে থাকার সময় প্রতিদিন আমাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার গুঞ্জন ছড়ানো হতো। কখনো বলা হতো আমি অস্ট্রেলিয়া চলে যাচ্ছি, কখনো অন্য কোথাও। পরে সেসব খবর মিথ্যা প্রমাণিত হয়েছে। আগেও যারা অপচেষ্টা করেছে তারা ব্যর্থ হয়েছে, এবারও ব্যর্থ হবে।”

তিনি আরো বলেন, “আইসিসি কোনো ব্যক্তিবিশেষের কথায় চলে না। বর্তমানে আইসিসির ওপর আমার এমন কোনো সরাসরি প্রভাব বা প্রবেশাধিকার নেই, যার মাধ্যমে আমার কথায় আইসিসি কোনো বড় সিদ্ধান্ত নেবে। আমার কথা আইসিসি কেন শুনবে? আইসিসির সঙ্গে সেই অ্যাকসেসটাই তো আমার এখন নেই।”