আইসিসির জেনারেল ম্যানেজার পদ ছাড়ছেন ওয়াসিম খান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
আইসিসির জেনারেল ম্যানেজার পদ ছাড়ছেন ওয়াসিম খান

আইসিসির জেনারেল ম্যানেজার পদ ছাড়ছেন ওয়াসিম খান

আইসিসির জেনারেল ম্যানেজার পদ ছাড়ছেন ওয়াসিম খান

চার বছর দায়িত্ব পালনের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জেনারেল ম্যানেজার (ক্রিকেট) পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ওয়াসিম খান। চলতি বছরের জুনের শেষে তার দায়িত্বকাল শেষ হবে, এরপর জুলাই থেকে নতুন একটি দায়িত্বে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

২০২২ সালের মে মাসে ওয়াসিম এই পদে দায়িত্ব নেন। এর আগে জিওফ অ্যালারডাইস আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নেওয়ায় এই পদটি শূন্য হয়। আইসিসিতে যোগ দেওয়ার আগে প্রায় তিন বছর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী হিসেবে কাজ করেছেন ওয়াসিম।

খেলোয়াড়ি জীবনেও তিনি ছিলেন উল্লেখযোগ্য। ব্রিটিশ বংশোদ্ভূত মুসলিম হিসেবে প্রথমবারের মতো কাউন্টি ক্রিকেট খেলার কৃতিত্ব তার। ১৯৯০-এর দশকে ওয়ারউইকশায়ারের হয়ে খেলেছেন তিনি। বাঁহাতি ব্যাটার হিসেবে ৫৮টি প্রথম শ্রেণির এবং ৩০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ওয়ারউইকশায়ার, সাসেক্স ও ডার্বিশায়ারের হয়ে। ১৯৯৫ সালে ওয়ারউইকশায়ারের শিরোপা জয়ের মৌসুমে প্রায় ৫০ গড়ে রান করেছিলেন তিনি।

প্রশাসনিক ক্যারিয়ারেও সমানভাবে সফল ওয়াসিম। লেইচেস্টারশায়ারের সিইও হিসেবে কাজ করেছেন তিনি। তার আগে ‘ক্রিকেট ফাউন্ডেশন’-এ দায়িত্ব পালনকালে ‘চ্যান্স টু শাইন’ প্রকল্পকে যুক্তরাজ্যের একটি শীর্ষস্থানীয় জাতীয় ক্রিকেট দাতব্য সংস্থায় রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আইসিসিতে তার দায়িত্বকালে অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল ক্রমবর্ধমান ব্যস্ত ক্রিকেট সূচি। বিশেষ করে টি-টোয়েন্টি ও টি-টেন লিগের প্রসারে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য সময় সংকুচিত হয়ে পড়ছিল। তবে তার সময়েই চূড়ান্ত হওয়া ২০২৩-২০২৭ ফিউচার ট্যুরস প্রোগ্রামে আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বেড়েছে। একই সময়ে প্রথমবারের মতো নারীদের জন্য আলাদা ফিউচার ট্যুরস প্রোগ্রামও চালু করা হয়।

ওয়াসিম খানের বিদায় আইসিসির সাম্প্রতিক কিছু শীর্ষ পর্যায়ের পরিবর্তনের ধারাবাহিকতা হিসেবেই দেখা হচ্ছে। গত দুই বছরে সংস্থাটি থেকে বিদায় নিয়েছেন একাধিক সিনিয়র কর্মকর্তা। তাদের মধ্যে আছেন সাবেক সিইও জিওফ অ্যালারডাইস, ইভেন্টস প্রধান ক্রিস টেটলি এবং দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন সঞ্জোগ গুপ্ত।