২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে জোহানেসবার্গ বা কেপটাউনে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে জোহানেসবার্গ বা কেপটাউনে

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে জোহানেসবার্গ বা কেপটাউনে

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে জোহানেসবার্গ বা কেপটাউনে

২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের জন্য ১২টি ভেন্যু চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২৪ বছর পর আবারও আফ্রিকায় ফিরছে ওয়ানডে বিশ্বকাপ, যেখানে যৌথভাবে আয়োজক হিসেবে থাকছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচ। দেশটির জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, গকেবেরহা, কুগোম্পো সিটি, কেপটাউন, পার্ল ও ব্লুমফন্টেইন এই আট শহরে হবে ৫৪ ম্যাচের বড় অংশ। ফাইনাল অনুষ্ঠিত হবে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম অথবা কেপটাউনের নিউল্যান্ডসে।

জিম্বাবুয়ের হারারে, বুলাওয়েও ও ভিক্টোরিয়া ফলসে হবে মোট ৭ থেকে ১০টি ম্যাচ। এছাড়া নামিবিয়ার রাজধানী উইন্ডহোকে অনুষ্ঠিত হবে অন্তত তিনটি ম্যাচ। চূড়ান্ত ভেন্যুর তালিকায় নতুন সংযোজন শুধু ভিক্টোরিয়া ফলস। সেখানে নির্মাণাধীন ১০ হাজার দর্শক ধারণক্ষমতার নতুন স্টেডিয়ামটি চলতি বছরের শেষ নাগাদ প্রস্তুত হওয়ার কথা রয়েছে। ২০২৭ সালের প্রথম প্রান্তিকে আন্তর্জাতিক ম্যাচ দিয়ে স্টেডিয়ামটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ আয়োজনের জন্য বেনোনি ও পচেফস্ট্রুমকে ভেন্যু হিসেবে রাখা হয়েছে। এছাড়া আগামী বছরের শুরুতে নামিবিয়ার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ বাছাইপর্ব আয়োজনেরও সম্ভাবনা রয়েছে এই দুই শহরে। ওই সময় দক্ষিণ আফ্রিকার প্রধান ছয়টি স্টেডিয়াম এসএ২০ লিগের কারণে ব্যস্ত থাকবে।

এর আগে সর্বশেষ ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল। এরপর দক্ষিণ আফ্রিকা ২০০৭ সালে প্রথম পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৩ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একাধিক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করেছে। অন্যদিকে, নামিবিয়া এবারই প্রথমবারের মতো কোনো সিনিয়র আইসিসি টুর্নামেন্টের ম্যাচ আয়োজন করবে।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ আগামী ৪ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে বলে প্রাথমিক সূচিতে উল্লেখ করা হয়েছে।