সেঞ্চুরিয়নে চূড়ান্ত একাদশ নির্ধারণে উইকেট দেখার অপেক্ষায় সিমন্স

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 15 মিনিট আগে আপডেট: 7 সেকেন্ড আগে
সেঞ্চুরিয়নে চূড়ান্ত একাদশ নির্ধারণে উইকেট দেখার অপেক্ষায় সিমন্স

সেঞ্চুরিয়নে চূড়ান্ত একাদশ নির্ধারণে উইকেট দেখার অপেক্ষায় সিমন্স

সেঞ্চুরিয়নে চূড়ান্ত একাদশ নির্ধারণে উইকেট দেখার অপেক্ষায় সিমন্স

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ লড়াইয়ে নামার আগে নিজেদের সেরা সমন্বয় খোঁজার চেষ্টায় ব্যস্ত বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সেঞ্চুরিয়নের কন্ডিশন ও পিচের আচরণ পর্যবেক্ষণ করেই দ্বিতীয় টেস্টের মূল একাদশ চূড়ান্ত করতে চান টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের কৌশলগত নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেন এই ক্যারিবিয়ান কোচ। আলোচনার শুরুতেই আগের ম্যাচের ব্যাটিং অর্ডার নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করেন তিনি। একইসঙ্গে নিশ্চিত করেন, মাঠে গিয়ে পিচ পর্যবেক্ষণের পরই একাদশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ প্রসঙ্গে সিমন্স বলেন, ‘আমরা সাত ব্যাটার নিয়ে খেলেছিলাম। তবে এখনো একাদশ চূড়ান্ত করিনি। মাঠে গিয়ে উইকেট দেখার পর ঠিক করবো, একাদশ কেমন হবে।’

সেঞ্চুরিয়নের সবুজ ও বাউন্সি উইকেটে অতীতে ভারত কিংবা পাকিস্তানের মতো উপমহাদেশীয় দলগুলোকে চারজন বিশেষজ্ঞ পেসার নিয়ে আক্রমণ সাজাতে দেখা গেছে। বর্তমান বাংলাদেশ স্কোয়াডেও চারজন পেস বোলার মজুদ রয়েছেন। তবে প্রতিপক্ষ বা অন্য কোনো দলের অনুকরণ না করে, নিজেদের দলের সামর্থ্য ও ভারসাম্য বিবেচনায় বোলিং ইউনিট গঠন করার পক্ষপাতী টাইগার কোচ।

অন্য দলগুলোর কৌশলের সঙ্গে নিজেদের পরিকল্পনার পার্থক্য বোঝাতে গিয়ে তিনি উল্লেখ করেন, ‘এখানে অন্য দলগুলো চার পেসার নিয়ে খেলেছে, কিন্তু সেটি তাদের দলের গঠন ও ভারসাম্যের সঙ্গে মানানসই ছিল। আমাদের দেখতে হবে, বাংলাদেশের জন্য কোন সমন্বয়টি সবচেয়ে কার্যকর।’

প্রথম টেস্টের পারফরম্যান্স বিশ্লেষণে দলের ব্যাটিংয়ের ঘুরে দাঁড়ানোর মানসিকতা কোচের প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে শুরুর বিপর্যয় সামলে বড় স্কোর গড়ার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। তবে বোলারদের ধারাবাহিকতার অভাব এবং সঠিক জায়গায় বল ফেলতে না পারার বিষয়টি নিয়ে টিম মিটিংয়ে বিস্তারিত পর্যালোচনা হয়েছে, যেখানে আসন্ন ম্যাচে দ্রুত উন্নতি দেখতে চান সিমন্স।

দলের ব্যাটিংয়ের ইতিবাচক দিক এবং বোলিংয়ের উন্নতির জায়গাগুলো স্পষ্ট করে কোচ জানান, ‘আমরা তাদের যে লাইনে বল করেছি, সেটি নিয়ে অনেক কথা হয়েছে। আমাদের মনে হয়েছে, আমরা প্রতিপক্ষ ব্যাটারদের যথেষ্ট খেলাতে পারিনি। এ জায়গায় উন্নতি করতে হবে। প্রথম ইনিংসে ১২১ রানে ৫ উইকেট হারানোর পর ৪০০ রান করতে পারা দারুণ ব্যাপার। তবে অফ স্টাম্প ও চতুর্থ স্টাম্পের লাইনে ব্যাটারদের আরও বেশি খেলাতে হবে।’

প্রোটিয়া বোলিং আক্রমণে কাগিসো রাবাদার সঙ্গী হিসেবে গতি তারকা আনরিখ নরকিয়ার ফেরার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। তবে নির্দিষ্ট কোনো বোলারকে ঘিরে আলাদা ছক কষার বদলে সামগ্রিক পেস আক্রমণ সামলানোর প্রস্তুতিতেই আস্থা রাখছে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো এবারও সব ধরনের গতির বোলারের বিপক্ষে অনুশীলন সেরেছেন লিটন-মুশফিকরা।

প্রতিপক্ষের পেস ইউনিট মোকাবিলার প্রস্তুতি নিয়ে সিমন্সের ভাষ্য, ‘প্রথম টেস্টে নরকিয়া খেলবে কি খেলবে না এটা আমরা আগে থেকে জানতাম না। আমরা সব ধরনের পেসারের বিপক্ষেই প্রস্তুতি নিয়েছিলাম, সেটা দ্রুতগতির হোক কিংবা মাঝারি গতির। এবারও একইভাবে প্রস্তুতি নিচ্ছি।’

এ ছাড়া প্রথম টেস্টে বাংলাদেশের ব্যাটারদের আউট হওয়ার ধরন নিয়েও নিবিড়ভাবে কাজ করেছে কোচিং স্টাফ। শরীর থেকে অনেক দূরের বলে ব্যাট চালিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হওয়ার প্রবণতা কমাতে নেটে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাটারদের নিখুঁত ফুটওয়ার্ক ও শরীরের কাছাকাছি রেখে শট খেলার অভ্যাস গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে।

ব্যাটারদের এই কারিগরি ত্রুটি শোধরানোর বিষয়ে সিমন্স ব্যাখ্যা দেন, ‘শরীর থেকে দূরে গিয়ে খেললে এমনটা হয়। আমরা চেষ্টা করছি, কেউ যেন শরীর থেকে দূরে গিয়ে শট না খেলে। কারণ, এভাবে খেললে ব্যাটে লেগে স্টাম্পে বল যাওয়ার সম্ভাবনা থাকে।’