আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন তাওহীদ হৃদয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 36 মিনিট আগে আপডেট: 3 মিনিট আগে
আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন তাওহীদ হৃদয়

আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন তাওহীদ হৃদয়

আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন তাওহীদ হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে প্রথম টেস্টে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধির লেভেল-১ ভঙ্গের দায়ে তাকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।

গত বুধবার ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে। আলোকস্বল্পতার কারণে খেলা স্থগিত ঘোষণার পর মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশ দলের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সে সময় হৃদয় আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করেন এবং আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল বলে দাবি করেন। আইসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আম্পায়ারদের সঙ্গে হৃদয়ের কথা বলার ধরন ছিল আক্রমণাত্মক ও অশোভন।

আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয় হৃদয়ের বিরুদ্ধে, যা আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের সঙ্গে সম্পর্কিত।

মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার লুবাবালো গকুমা হৃদয়ের বিরুদ্ধে এই অভিযোগ আনেন। পরবর্তীতে এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি হৃদয় মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

গত ২৪ মাসের মধ্যে এটিই হৃদয়ের প্রথম অপরাধ। আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ পর্যায়ের অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও এক থেকে দুটি ডিমেরিট পয়েন্ট।