পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় রদবদল, বাদ পড়লেন রিজওয়ান, নেই কেউই তিন সংস্করণে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 19 মিনিট আগে আপডেট: 1 মিনিট আগে
পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় রদবদল, বাদ পড়লেন রিজওয়ান, নেই কেউই তিন সংস্করণে

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় রদবদল, বাদ পড়লেন রিজওয়ান, নেই কেউই তিন সংস্করণে

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় রদবদল, বাদ পড়লেন রিজওয়ান, নেই কেউই তিন সংস্করণে

কেন্দ্রীয় চুক্তির চিরাচরিত ক্যাটাগরি প্রথা ভেঙে নতুন পথে হাঁটল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এখন থেকে গ্রেডিংয়ের পরিবর্তে ক্রিকেটারদের খেলার ধরন অনুযায়ী ‘সংস্করণভিত্তিক’ চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর হতে যাওয়া ৩৮ সদস্যের এই বিশাল বহরে জায়গা হয়নি মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ ও সাইম আইয়ুবের মতো পরিচিত মুখদের। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ঘোষিত এই তালিকায় কোনো খেলোয়াড়কেই ক্রিকেটের তিন সংস্করণের জন্য বিবেচনা করা হয়নি।

গত মৌসুমের ‘বি’, ‘সি’ এবং ‘ডি’ ক্যাটাগরিভিত্তিক কাঠামোকে বিদায় জানিয়ে পিসিবি এবার ফরম্যাট অনুযায়ী চুক্তি সাজিয়েছে। এই নতুন ছাঁকনিতে সবচেয়ে বড় চমক উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের বাদ পড়া। গত বছর ‘বি’ গ্রেডে থাকা এই ক্রিকেটার মাঠের বাইরের অনাকাঙ্ক্ষিত বিতর্কের জেরে ইংল্যান্ড সফর অসমাপ্ত রেখেই দেশে ফিরেছিলেন, যার প্রভাব পড়ল তার চুক্তিতে।

রিজওয়ানের পাশাপাশি গতবারের তালিকা থেকে ছিটকে গেছেন আরও এক ডজন ক্রিকেটার। এই তালিকায় যেমন আছেন ‘বি’ ক্যাটাগরিতে থাকা সাইম আইয়ুব ও পেসার হাসান আলি, তেমনি জায়গা হারিয়েছেন সাবেক টেস্ট দলপতি শান মাসুদও। এ ছাড়া আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ নওয়াজ, নোমান আলি, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, হুসাইন তালাত, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের নামও কাটা পড়েছে নতুন চুক্তি থেকে।

নতুন বিন্যাসে কেবল লাল বল ও পঞ্চাশ ওভারের ক্রিকেটে চুক্তিবদ্ধ হয়েছেন টেস্ট অধিনায়ক বাবর আজম ও সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আগা। অন্যদিকে, কেবল টেস্ট ফরম্যাটের জন্য বিবেচিত হয়েছেন সাউদ শাকিল, সাজিদ খান, মোহাম্মদ আব্বাস ও আজান আওয়াইস। সাদা বলের দুই সংস্করণ অর্থাৎ ওয়ানডে ও টি-টোয়েন্টিতে চুক্তি পেয়েছেন ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। আর টি-টোয়েন্টি অধিনায়ক সাহিবজাদা ফারহানকে রাখা হয়েছে শুধুমাত্র ক্ষুদ্রতম সংস্করণের চুক্তিতে।

ভবিষ্যৎ পাইপলাইন শক্তিশালী করার লক্ষ্যে ‘ডেভেলপমেন্ট’ চুক্তিতে রাখা হয়েছে ১৯ জন উদীয়মান ক্রিকেটারকে। এই তালিকায় সম্প্রতি টেস্ট আঙিনায় পা রাখা রাজা উল্লাহ, তৈয়ব আরিফ, মোহাম্মদ তাহা, গাজী ঘোরি ও সাকিব খানদের মতো তরুণদের ওপর আস্থা রেখেছে বোর্ড।

একনজরে পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা (৩০ জুন, ২০২৭ পর্যন্ত):

  • টেস্ট ও ওয়ানডে: বাবর আজম ও সালমান আগা।
  • শুধুমাত্র টেস্ট: সাউদ শাকিল, সাজিদ খান, মোহাম্মদ আব্বাস ও আজান আওয়াইস।
  • ওয়ানডে ও টি-টোয়েন্টি: শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, হারিস রউফ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ ও আরাফাত মিনহাস।
  • শুধুমাত্র টি-টোয়েন্টি: সাহিবজাদা ফারহান, নাসিম শাহ, শাদাব খান, হাসান নওয়াজ, মাজ সাদাকাত, সালমান মির্জা ও উসমান তারিক।
  • ডেভেলপমেন্ট চুক্তি: রাজা উল্লাহ, তৈয়ব আরিফ, মোহাম্মদ তাহা, গাজী ঘোরি, সাকিব খান, উবাইদ শাহ, সুফিয়ান মুকিম, আব্দুল সামাদ, আব্দুল্লাহ ফজল, আহমেদ দানিয়াল, আলি রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ ইমরান রান্ধাওয়া, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, শাহজাইব খান ও শামিল হুসাইন।