২০২৭ এশিয়া কাপের আগে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের উদ্যোগ বিসিবির

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 37 মিনিট আগে আপডেট: 7 মিনিট আগে
২০২৭ এশিয়া কাপের আগে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের উদ্যোগ বিসিবির

২০২৭ এশিয়া কাপের আগে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের উদ্যোগ বিসিবির

২০২৭ এশিয়া কাপের আগে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের উদ্যোগ বিসিবির

আসন্ন ২০২৭ সালের এশিয়া কাপের প্রস্তুতিকে আরও শাণিত করতে দেশের মাটিতে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজনের জোরালো উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের সঙ্গী হিসেবে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় যোগ দিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল এই প্রস্তাবটি উত্থাপন করেন। আইসিসি সভা থেকে দেশে ফিরে আজ মিরপুরে এক সংবাদ সম্মেলনে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ সূচি ও এই ত্রিদেশীয় সিরিজ নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের অগ্রগতি ও দুই বোর্ডের মনোভাব সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তামিম জানান, পাকিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড প্রাথমিক আলোচনায় ইতিবাচক সাড়া দিয়েছে। তবে সূচি ও আনুষঙ্গিক বিষয়গুলো চূড়ান্ত না হওয়ায় এখনই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া সম্ভব হচ্ছে না। এ বিষয়ে তামিম বলেন, ‘সম্প্রতি এ বিষয়ে কথা হয়েছে। এশিয়া কাপের ঠিক আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে আমি একটি প্রস্তাব দিয়েছি, আমরা তাদের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে পারি কি না। এটিএশিয়া কাপের আগে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। দুই দেশের ক্রিকেট বোর্ড থেকেই বেশ ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তবে যেহেতু বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, তাই আমরা এটিকে নিশ্চিত বলে ঘোষণা করতে পারছি না। তবে এশিয়া কাপের ঠিক আগে যদি আমরা এই ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে পারি, তাহলে সেটি আমাদের ক্রিকেটের জন্য ভালো হবে এবং দর্শকদের জন্যও বেশ আকর্ষণীয় হবে।’

আগামী ২০২৭ সালের ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এশিয়া কাপের পরবর্তী আসর। মূল টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে উপমহাদেশের দুই শক্তিশালী প্রতিপক্ষ পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সুযোগ পেলে তা টাইগারদের প্রস্তুতিতে দারুণ কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে বোর্ড। এর পাশাপাশি আইসিসি সভায় সদস্য দেশগুলোর সঙ্গে বৈশ্বিক ক্রিকেটের ভবিষ্যৎ সূচি ও দ্বিপক্ষীয় সিরিজ নিয়েও ফলপ্রসূ আলোচনা করেছেন বিসিবি সভাপতি।

বিসিবির আলোচনার টেবিলে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভারতের স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশ সফর। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ২০২৫ সালের আগস্টে ভারতের বাংলাদেশে আসার কথা থাকলেও রাজনৈতিক প্রেক্ষাপটে তা স্থগিত হয়ে যায়। পরবর্তীতে ২০২৬ সালের সেপ্টেম্বরে সিরিজটি আয়োজনের নতুন সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। বালির সভায় ভারতীয় বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে এ নিয়ে আবারও কথা বলেছেন তামিম। সফরটির বর্তমান অবস্থা ও আলোচনার অগ্রগতি ব্যাখ্যা করে বিসিবি সভাপতি বলেন, ‘এবারও আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তবে এখনো এটি আলোচনার পর্যায়েই রয়েছে। আশা করি, যখনই আপনাদের জানানোর মতো কোনো অগ্রগতি হবে, আপনারাই সবার আগে জানতে পারবেন।’

শুধু ভারতের বিপক্ষে সিরিজই নয়, বিশ্ব ক্রিকেটের অন্যান্য শীর্ষ দলগুলোর বিপক্ষেও বাংলাদেশের ম্যাচের সংখ্যা বাড়াতে কাজ করছে বর্তমান বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচিতে সাদা বলের ক্রিকেটে দ্বিপক্ষীয় সিরিজের পাশাপাশি একাধিক দেশকে নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের দিকে বিশেষ নজর দিচ্ছে বিসিবি, যাতে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিয়মিত খেলার সুযোগ তৈরি হয়।

ভবিষ্যৎ সূচি নিয়ে চলমান এই কূটনৈতিক তৎপরতা ও পরিকল্পনার বিষয়ে বেশ আশাবাদী তামিম ইকবাল। এখনই সব কিছু প্রকাশ না করলেও ভবিষ্যতে বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশের খেলার সুযোগ উল্লেখযোগ্য হারে বাড়বে বলে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে সবকিছু বলা সম্ভব নয়। তবে যেভাবে আলোচনা ও পরিকল্পনা এগোচ্ছে, তাতে আশা করি সবাই সন্তুষ্ট হবেন। আমি আশাবাদী, ভবিষ্যতে আরও বেশি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করা হবে। পাশাপাশি বড় বড় ক্রিকেট খেলুড়ে দেশের বিপক্ষে আরও বেশি সাদা বলের দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের সুযোগ তৈরি হবে। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।’