আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা
আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা
আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা
২০২৬ সালের আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। ১৯তম আসরের প্রথম ধাপ অনুষ্ঠিত হবে আগামী ২৮ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত। তবে একই সময়ে ভারতের তিনটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় পুরো টুর্নামেন্টের সূচি পরে ঘোষণা করা হবে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিজেদের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের।
প্রথম পর্বে মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১০টি ভেন্যুতে বেঙ্গালুরু, মুম্বাই,, নিউ চণ্ডীগড়, লখনৌ, কলকাতা, চেন্নাই, দিল্লি, আহমেদাবাদ ও হায়দ্রাবাদে।
এই সময়ে চারটি ডাবল হেডার ম্যাচ থাকবে। বিকেলের ম্যাচগুলো শুরু হবে ভারতীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে এবং সন্ধ্যার ম্যাচ শুরু হবে রাত ৭টা ৩০ মিনিটে। উদ্বোধনী ম্যাচের পরদিন, রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স।
মৌসুমের প্রথম ডাবল হেডার অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল। সেদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিকেলের ম্যাচে দিল্লি ক্যাপিটালস খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। আর রাতের ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের প্রতিপক্ষ হবে রাজস্থান রয়্যালস।
রাজস্থান রয়্যালস তাদের প্রথম দিকের ঘরের ম্যাচগুলো খেলবে গোহাটিতে, যেখানে তারা চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সকে আতিথ্য দেবে। অন্যদিকে পাঞ্জাব কিংস তাদের প্রথম দিকের হোম ম্যাচগুলো খেলবে নিউ চণ্ডীগড়ের পিসিএ স্টেডিয়ামে।
এই মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বেঙ্গালুরুতে পাঁচটি ও রায়পুরে দুটি হোম ম্যাচ খেলবে। পাঞ্জাব কিংস নিউ চণ্ডীগড়ে চারটি ও ধরমশালায় তিনটি হোম ম্যাচ খেলবে। আর রাজস্থান রয়্যালস গোহাটিতে তিনটি এবং জয়পুরে চারটি হোম ম্যাচ আয়োজন করবে।
তবে বেঙ্গালুরুতে নির্ধারিত ম্যাচগুলো কর্নাটক সরকারের গঠিত বিশেষজ্ঞ কমিটির অনুমোদনের ওপর নির্ভরশীল। ১৩ মার্চ এম চিন্নাস্বামী স্টেডিয়াম পরিদর্শন ও ম্যাচ দিবসের প্রস্তুতি যাচাইয়ের জন্য সেখানে একটি পূর্ণাঙ্গ মহড়া অনুষ্ঠিত হবে।
