পাকিস্তান সিরিজের আগে অল স্টার একাদশের বিপক্ষে খেলবে জাতীয় দল
পাকিস্তান সিরিজের আগে অল স্টার একাদশের বিপক্ষে খেলবে জাতীয় দল
পাকিস্তান সিরিজের আগে অল স্টার একাদশের বিপক্ষে খেলবে জাতীয় দল
পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে জাতীয় দলের ক্রিকেটারদের প্রস্তুতি শুরু হচ্ছে মাঠের লড়াই দিয়েই। শনিবার (৭ মার্চ) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশেষ এক প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান সিরিজের জন্য ঘোষিত জাতীয় দলের স্কোয়াড ও বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) থেকে বাছাই করা অল স্টার একাদশ।
এই ম্যাচে জাতীয় দলের ক্রিকেটারদের বিপক্ষে খেলবেন বিসিএলে সাম্প্রতিক সময়ে দারুণ পারফর্ম করা ক্রিকেটারদের নিয়ে গড়া একটি দল। বিসিএল অল স্টার একাদশের নেতৃত্বে থাকবেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। তার দলে রয়েছেন রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন, রবিউল হক, মাহফিজুল ইসলাম রবিন, নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, সৌম্য সরকার, নাইম হাসান, খালেদ আহমেদ, পারভেজ ইমন, মোসাদ্দেক হোসেন সৈকত ও জিসান আলমসহ আরও কয়েকজন ক্রিকেটার।
ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে এবং শেষ হওয়ার সম্ভাব্য সময় রাত ৯টা ৫৫ মিনিট। এই ম্যাচ শেষ হওয়ার পরই পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে পুরোপুরি মনোযোগ দেবে জাতীয় দলের ক্রিকেটাররা।
সবকিছু ঠিক থাকলে আগামী ১১ মার্চ শুরু হবে বাংলাদেশ–পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ। তিনটি ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বিসিএল অল স্টার্স দল:
আকবর আলী (অধিনায়ক), নাইম শেখ, সৌম্য সরকার, মাহফিজুল ইসলাম রবিন, পারভেজ ইমন, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, রিপন মণ্ডল, সৈয়দ খালেদ আহমেদ, আব্দুল গাফফার সাকলাইন, রবিউল হক, রাকিবুল হাসান, জিসান আলম ও নাইম হাসান।
পাকিস্তান সিরিজের জন্য জাতীয় দলের স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
