তিন মাস পর আইপিএলের প্রতিক্রিয়া, মুস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ
তিন মাস পর আইপিএলের প্রতিক্রিয়া, মুস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ
তিন মাস পর আইপিএলের প্রতিক্রিয়া, মুস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ
কয়েক মাস ধরে বিতর্ক, কূটনৈতিক টানাপোড়েন আর ক্রিকেটীয় উত্তেজনায় জমে ওঠা এক অধ্যায়ের পর অবশেষে মুখ খুলল আইপিএল কর্তৃপক্ষ। বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে যে ঘটনাপ্রবাহ বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছিল, সেই প্রসঙ্গে দীর্ঘ নীরবতা ভেঙে মন্তব্য করলেন আইপিএলের চেয়ারম্যান অরুন ধুমাল।
তিন মাস পর বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে অরুন ধুমাল ঘটনাটিকে নেতিবাচক অভিজ্ঞতা হিসেবেই দেখছেন। এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, পুরো বিষয়টি তার কাছে সুখকর ছিল না। ধুমাল বলেন, "আমি এটিকে দুর্ভাগ্যজনক বলব। এই ব্যাপারে আমার খুব বেশি জানাশোনা নেই। যেভাবে তখন ঘটনাটি ঘটেছিল, আমার মনে হয় তাতে সরকারের খুব বেশি কিছু করার ছিল না। তা ছাড়া, রোজকার ক্রিকেটে সরকারের অত ভূমিকা আছে বলে মনে হয় না। তারা ক্রিকেটের বড় সমর্থক।"
ঘটনাটির প্রেক্ষাপটে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে তৈরি হয়েছিল নানা প্রতিক্রিয়া ও আলোচনা। বিশেষ করে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে সম্পর্কের টানাপোড়েন পর্যন্ত তৈরি হয়, যার প্রভাব পড়ে বাংলাদেশ ক্রিকেটের অবস্থানেও।
একই সঙ্গে পরিস্থিতির বাস্তবতা তুলে ধরে ধুমাল ইঙ্গিত দিয়েছেন, অনেক সময় বাইরের প্রভাবেই কিছু সিদ্ধান্ত নিতে হয়। তিনি মনে করেন, এমন পরিস্থিতি এড়ানো সবসময় সম্ভব না হলেও ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। এই প্রসঙ্গে তিনি বলেন, "কিন্তু, এটি ঠিক যে, মাঝেমধ্যে আমাদের চারপাশে এমন কিছু ব্যাপার ঘটে যার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হয়। নিশ্চয়ই শুভবুদ্ধির উদয় হবে এবং এমন ঘটনা সামনে ঘটবে না।"
