বল টেম্পারিংয়ে দোষী, দুই ম্যাচ নিষিদ্ধ ফখর জামান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 39 মিনিট আগে
বল টেম্পারিংয়ে দোষী, দুই ম্যাচ নিষিদ্ধ ফখর জামান

বল টেম্পারিংয়ে দোষী, দুই ম্যাচ নিষিদ্ধ ফখর জামান

বল টেম্পারিংয়ে দোষী, দুই ম্যাচ নিষিদ্ধ ফখর জামান

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল টেম্পারিংয়ের অভিযোগে লাহোর কালান্দার্সের ব্যাটার ফখর জামানকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। করাচি কিংসের বিপক্ষে গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আচরণবিধির ২.১৪ অনুচ্ছেদ ভঙ্গের দায়ে এই শাস্তি দেওয়া হয়।

ম্যাচের শেষ ওভারে বলের অবস্থা সন্দেহজনকভাবে পরিবর্তনের অভিযোগ ওঠে ফখরের বিরুদ্ধে। অন-ফিল্ড আম্পায়ার ফয়সাল খান আফ্রিদি ও শরফুদ্দৌলা সাইকত, টিভি আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার তারিক রশিদ যৌথভাবে অভিযোগ আনেন। পরে বিষয়টি পূর্ণাঙ্গ শুনানিতে গড়ায়, যেখানে অভিযোগ অস্বীকার করেন ফখর।

ম্যাচ রেফারি রোশন মহানামা শুনানি শেষে প্রমাণ পর্যালোচনা করে ফখরকে দোষী সাব্যস্ত করেন। শুনানিতে লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি, টিম ডিরেক্টর সামিন রানা এবং টিম ম্যানেজার ফারুক আনোয়ারও উপস্থিত ছিলেন।

ঘটনাটি ঘটে করাচি কিংসের ইনিংসের শেষ ওভারে, যখন জয়ের জন্য ৬ বলে ১৪ রান প্রয়োজন ছিল। সে সময় ফখর, হারিস রউফ ও শাহীন আফ্রিদিকে বল নিয়ে নাড়াচাড়া করতে দেখা যায়। সন্দেহের ভিত্তিতে আম্পায়ার বল পরীক্ষা করে দেখেন এবং বলের অবস্থা পরিবর্তনের প্রমাণ পান। ফলে করাচিকে ৫ রান পেনাল্টি দেওয়া হয় এবং বল পরিবর্তন করা হয়, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

শেষ পর্যন্ত নাটকীয় জয়ে ম্যাচ জিতে নেয় করাচি কিংস। নিষেধাজ্ঞার কারণে ফখর ৩ এপ্রিল মুলতান সুলতানস ও ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না। তার অনুপস্থিতিতে দলে সুযোগ পেতে পারেন তায়্যাব তাহির।