বাংলাদেশ এ দলকে হারিয়ে ফাইনালে পাকিস্তান এ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 41 মিনিট আগে আপডেট: 1 মিনিট আগে
বাংলাদেশ এ দলকে হারিয়ে ফাইনালে পাকিস্তান এ

বাংলাদেশ এ দলকে হারিয়ে ফাইনালে পাকিস্তান এ

বাংলাদেশ এ দলকে হারিয়ে ফাইনালে পাকিস্তান এ

শাহাদাত হোসেনের অনবদ্য অপরাজিত সেঞ্চুরির পরও শেষ রক্ষা হলো না বাংলাদেশ ‘এ’ দলের। হাসান নেওয়াজ ও শাহজাইব খানের জোড়া হাফসেঞ্চুরি এবং অধিনায়ক আব্দুল সামাদ ও ফারহান ইউসুফের কার্যকরী ইনিংসে ভর করে বাংলাদেশ ‘এ’ দলের দেওয়া ২৩২ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে গেছে পাকিস্তান ‘এ’ দল। ৫ উইকেট ও ২৮ বল (৪.৪ ওভার) হাতে রেখে জয় তুলে নিয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে জিতেছে তারা। আগামী রোববার শিরোপা ধরে রাখার মিশনে ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে পাকিস্তান ‘এ’।

শুক্রবার দোহায় অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে আলি রাজার গতিময় শুরুর বোলিংয়ে পাওয়ারপ্লের ভেতরেই ১৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। তৃতীয় উইকেটে মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে শাহাদাত হোসেন ৯৫ রানের ধীরগতির জুটি গড়লেও তা ছিল বেশ মন্থর। অঙ্কন ৭৮ বলে ৪২ রান করে ফেরার পর সুফিয়ান মুকিমের বোলিংয়ে ছন্দ হারায় বাংলাদেশ। দুই ওভারে ৩ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ১১০/২ থেকে ১১৮/৫-এ পরিণত করেন এই লেগস্পিনার।

এরপর এসএম মেহেরবকে নিয়ে শাহাদাত ৫২ রানের জুটি গড়লেও হাসান নেওয়াজের জোড়া আঘাতে লেজ বেরিয়ে আসে বাংলাদেশের। শেষ উইকেটে রিপন মণ্ডলের সঙ্গে শাহাদাতের ৪০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২০০ পেরোয় বাংলাদেশ। শেষ ওভারে আহমেদ দানিয়ালের বলে রিপন মণ্ডলের ছক্কার পর শাহাদাত মিডউইকেটের ওপর দিয়ে ফ্লিক করে সেঞ্চুরি পূর্ণ করলে ওই ওভার থেকেই আসে ১৫ রান। শেষ পর্যন্ত ১১৮ বলে ৩ ছক্কা ও ৭ চারে ১০৩ রানে অপরাজিত থাকেন শাহাদাত। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৩২ রানে থামে বাংলাদেশ ‘এ’ দল।

জবাবে ২৩৩ রানের লক্ষ্যে নেমে চতুর্থ ওভারেই জোড়া ধাক্কা খায় পাকিস্তান ‘এ’। রিপন মণ্ডল চার বলের ব্যবধানে দুই ওপেনার মাজ সাদাকাত ও শামিল হুসাইনকে ফেরালে ২১ রানে ২ উইকেট হারায় তারা।

তবে এই টুর্নামেন্টে প্রথমবার রান তাড়া করতে নেমে পাকিস্তান বুঝতে পারে, দ্বিতীয় ইনিংসে পিচ ব্যাটিংয়ের জন্য সহজ হয়ে উঠেছে এবং বল সহজেই ব্যাটে আসছে। প্রথম পাওয়ারপ্লের পর বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসান দুই প্রান্ত থেকে স্পিন আনলেও পিচে গ্রিপ না থাকায় স্পিনাররা তেমন টার্ন আদায় করতে পারেননি।

চতুর্থ উইকেটে শাহজাইব খান ও হাসান নেওয়াজের ১১০ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা শাহজাইব ধৈর্য ধরে ইনিংস গড়লেও নেওয়াজ ক্রিজে নেমে স্পিনারদের ছক্কা হাঁকাতে থাকেন। চার ওভারের ব্যবধানে দুজনই আউট হলে ক্রিজে আসেন অধিনায়ক আব্দুল সামাদ ও ফারহান ইউসুফ। দুজনের ৭৪ রানের আক্রমণাত্মক জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। সামাদ স্লগ সুইপ করতে গিয়ে মিডউইকেটে ক্যাচ দেওয়ার সময় জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল মাত্র ৯ রান, হাতে ছিল ৬ ওভারের বেশি সময়। শেষ পর্যন্ত ফারহান ইউসুফ ৪৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।