ভারতের বিপক্ষে প্রথম দিন শেষে ৫ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৪৬ রান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 26 মিনিট আগে আপডেট: 1 মিনিট আগে
ভারতের বিপক্ষে প্রথম দিন শেষে ৫ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৪৬ রান

ভারতের বিপক্ষে প্রথম দিন শেষে ৫ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৪৬ রান

ভারতের বিপক্ষে প্রথম দিন শেষে ৫ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৪৬ রান

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ঘুরে দাড়িয়েছে নিউজিল্যান্ড । প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ২৪৬ রান।

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া ভারতের শুরুটা ছিল কঠিন। প্রথম ঘণ্টায় সতর্ক থাকলেও সময় গড়ানোর সাথে সাথে ব্যাটিং সহজ হয়ে ওঠে এবং অফ-সাইডে শট খেলে রান বের করতে থাকেন কিউই ব্যাটাররা। অধিনায়ক টম ল্যাথাম ও ডেভন কনওয়ে মিলে ৭৭ রানের উদ্বোধনী জুটি গড়ে ভারতীয় পেস আক্রমণকে চাপে রাখেন। ম্যাচের প্রথম ওভারেই যশপ্রীত বুমরাহর এলবিডব্লিউর আবেদন ডিআরএসে বাতিল হলে টানা তৃতীয় শূন্য রানে ফেরার হাত থেকে বাঁচেন ল্যাথাম। ১৮তম ওভারে আক্রমণে এসে গতি ও বাউন্সে বাড়তি ধার যোগ করেন অভিষিক্ত গুরনুর ব্রার, আর লাঞ্চের ঠিক আগের বলে কনওয়েকে (৩১) ফিরিয়ে ভারতের শিবিরে স্বস্তি ফেরান তিনি (১৯ ওভারে ১/৫২)।

লাঞ্চের পর বদলে যায় ম্যাচের চিত্র। লোয়ার ব্যাক স্ট্রেস ইনজুরি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা আকাশ দীপ (২১ ওভারে ২/৫২) সেমি-নিউ কুকাবুরা বলে দুর্দান্ত বোলিং করেন। গুড লেংথে পড়ে সামান্য সোজা হওয়া বলে থিতু হওয়া ল্যাথামকে (৫৯) রিশাব প্যন্টের গ্লাভসবন্দি করেন তিনি। এরপর মাত্র ৮ বল টেকা রাচিন রবীন্দ্রকেও একইভাবে পন্তের ক্যাচে পরিণত করেন এই পেসার। মাঝে বিতর্কিতভাবে দলে আসা অংশুল কম্বোজ (১৭ ওভারে ১/৫৬) হেনরি নিকোলসকে (১৬) ফেরালে ৭৭/০ থেকে ১১০/৪ হয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড।

চাপের মুখে পঞ্চম উইকেটে ৭৪ রানের জুটি গড়ে দলকে সামলান টম ব্লান্ডেল ও ড্যারিল মিচেল। মিচেলকে (৩১) লেগ-স্লিপে ধ্রুব জুরেলের ক্যাচে ফিরিয়ে এই জুটি ভাঙেন ওয়াশিংটন সুন্দর (৯ ওভারে ১/৩৬)। এরপর আর উইকেট হারায়নি স্বাগতিকরা। ১১৭ বলে ধৈর্যশীল অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলেন ব্লান্ডেল, আর ৬৪ বলে অপরাজিত ৩৬ রানে তাকে যোগ্য সঙ্গ দেন গ্লেন ফিলিপস। ষষ্ঠ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন ৬২ রানের জুটিতে দিন শেষে স্বস্তিতে থাকে নিউজিল্যান্ড।