গ্লাভস ছুঁড়ে ফেলায় শাস্তি, তিরস্কার ও ডিমেরিট পয়েন্ট পেলেন সালমান আগা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 8 মিনিট আগে
গ্লাভস ছুঁড়ে ফেলায় শাস্তি, তিরস্কার ও ডিমেরিট পয়েন্ট পেলেন সালমান আগা

গ্লাভস ছুঁড়ে ফেলায় শাস্তি, তিরস্কার ও ডিমেরিট পয়েন্ট পেলেন সালমান আগা

গ্লাভস ছুঁড়ে ফেলায় শাস্তি, তিরস্কার ও ডিমেরিট পয়েন্ট পেলেন সালমান আগা

মিরপুরে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আচরণবিধি লঙ্ঘনের কারণে তিরস্কার ও একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন পাকিস্তানের ব্যাটার সালমান আলী আগা।

শুক্রবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটির সময় ঘটনাটি ঘটে। পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে রান আউট হন সালমান। তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনা তাকে আউট ঘোষণা করেন।

ঘটনার সময় মোহাম্মদ রিজওয়ান মিরাজের একটি ফ্ল্যাট ডেলিভারি বোলারের ডান দিকে ঠেলে দেন। মিরাজ এগিয়ে এসে বুট দিয়ে বলটি থামান, আর ঠিক তার সামনেই দাঁড়িয়ে ছিলেন সালমান আগা। বলটি তাদের পায়ের কাছে থেমে গেলে ক্রিজের বাইরে থাকা সালমান সেটি তুলে মিরাজকে ফেরত দিতে ঝুঁকে পড়েন। কিন্তু দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে বাংলাদেশের অধিনায়ক মিরাজ বলটি তুলে আন্ডারআর্ম থ্রোতে স্টাম্পে আঘাত করেন।

মাঠের আম্পায়ার তানভীর আহমেদ সিদ্ধান্তটি তৃতীয় আম্পায়ারের কাছে পাঠান। পরে ধর্মসেনা নিশ্চিত করেন যে বল তখনও ‘লাইভ’ ছিল এবং মিরাজের অ্যাকশন বৈধ।

তবে আউটের সিদ্ধান্তে অসন্তুষ্ট দেখা যায় সালমানকে। ৬২ বলে ৬৪ রান করে ড্রেসিংরুমে ফেরার পথে উইকেটকিপার লিটন দাসের সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়। মাঠ ছাড়ার সময় গ্লাভস ছুঁড়ে ফেলতেও দেখা যায় তাকে।

এ ঘটনার পর ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ তাকে ক্রিকেট সরঞ্জাম অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত করেন।

ডেইলি স্টারকে নিয়ামুর রশীদ বলেন, “ঘটনাটি ছিল মাঠ ছাড়ার সময় ক্রিকেট সরঞ্জাম অপব্যবহার করা। সালমান আগার আগে এমন আচরণের কোনো ইতিহাস নেই। আমরা নিরপেক্ষতা বজায় রেখেই সিদ্ধান্ত নিয়েছি। তাই তাকে তিরস্কার এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, লিটনের সঙ্গে বাক্য বিনিময়ের বিষয়ে কোনো অভিযোগ আনা হয়নি। ম্যাচ রেফারি মনে করেন সেটি ভুল বোঝাবুঝি ছিল এবং এ বিষয়ে আইসিসিতেও প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

আইসিসির আচরণবিধির ২.২ অনুচ্ছেদ ভঙ্গের কারণে এটিকে লেভেল ১ অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে, যেখানে আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেট সরঞ্জাম বা মাঠের যন্ত্রপাতি অপব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত।

ম্যাচটিতে অবশ্য ডিএলএস পদ্ধতিতে ১২৮ রানের বড় জয় পেয়েছে পাকিস্তান। ফলে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরেছে। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে রোববার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।