পাকিস্তান দলের ব্যাটিং কোচ হলেন মাইকেল স্মিথ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তান দলের ব্যাটিং কোচ হলেন মাইকেল স্মিথ

পাকিস্তান দলের ব্যাটিং কোচ হলেন মাইকেল স্মিথ

পাকিস্তান দলের ব্যাটিং কোচ হলেন মাইকেল স্মিথ

পাকিস্তান ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রথম-শ্রেণির ক্রিকেটার ও কোচ মাইকেল স্মিথ। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

৪৬ বছর বয়সী স্মিথকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পাকিস্তান দলের সঙ্গে লাল বল ও সাদা বল উভয় সংস্করণেই কাজ করবেন।

খেলোয়াড়ি জীবনে ২০০৩ থেকে ২০১৩ সালের মধ্যে স্মিথ ৮৯টি প্রথম-শ্রেণির ম্যাচ, ৭২টি লিস্ট-এ ম্যাচ এবং ১৬টি টি-টোয়েন্টি খেলেছেন।

কোচিং ক্যারিয়ারেও রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তিনি ইসলামাবাদ ইউনাইটেড ও করাচি কিংসের কোচিং স্টাফে কাজ করেছেন। চলতি মৌসুমে ছিলেন মুলতান সুলতানসের সহকারী কোচ। এছাড়া অস্ট্রেলিয়ার হোবার্ট হারিকেন্স ও ক্রিকেট তাসমানিয়ার ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দক্ষিণ আফ্রিকার কেজেডএন ইনল্যান্ড ও ইস্টার্ন প্রভিন্সের কোচিং পরামর্শক হিসেবেও কাজ করেছেন তিনি।

আগামী ১৯ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে পাকিস্তান দলের দায়িত্ব নেবেন স্মিথ।

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে দলটি।