দুর্নীতির দায়ে যুক্তরাষ্ট্রের স্পিনার রেড্ডির আট বছরের নিষেধাজ্ঞা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
দুর্নীতির দায়ে যুক্তরাষ্ট্রের স্পিনার রেড্ডির আট বছরের নিষেধাজ্ঞা

দুর্নীতির দায়ে যুক্তরাষ্ট্রের স্পিনার রেড্ডির আট বছরের নিষেধাজ্ঞা

দুর্নীতির দায়ে যুক্তরাষ্ট্রের স্পিনার রেড্ডির আট বছরের নিষেধাজ্ঞা

ক্রিকেটে দুর্নীতিবিরোধী বিধি লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের অফস্পিনার বি আখিলেশ রেড্ডিকে আট বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৫-২৬ মৌসুমের আবুধাবি টি-টেন টুর্নামেন্টকে ঘিরে আনা তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর এই শাস্তি দেওয়া হয়েছে।

২৬ বছর বয়সী রেড্ডি ওই আসরে অ্যাসপিন স্ট্যালিয়ন্সের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন। তদন্ত শেষে আইসিসির দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই প্রমাণিত বলে রায় দিয়েছে। ফলে ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে কার্যকর হওয়া তার সাময়িক নিষেধাজ্ঞার সময় থেকেই আট বছরের নিষেধাজ্ঞা গণনা করা হবে।

রেড্ডির বিরুদ্ধে প্রথম অভিযোগ ছিল ম্যাচের ফল, অগ্রগতি বা অন্য কোনো দিককে অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা বা এ ধরনের চুক্তি কিংবা উদ্যোগের সঙ্গে জড়িত থাকার। দ্বিতীয় অভিযোগে বলা হয়, একই টুর্নামেন্টে অন্য একজন অংশগ্রহণকারীকে ম্যাচ পাতানোর কর্মকাণ্ডে যুক্ত হতে প্ররোচিত বা উৎসাহিত করার চেষ্টা করেছিলেন তিনি। এছাড়া তদন্ত চলাকালে গুরুত্বপূর্ণ তথ্য গোপনের উদ্দেশ্যে নিজের মোবাইল ফোন থেকে প্রাসঙ্গিক বার্তা ও তথ্য মুছে ফেলার অভিযোগও প্রমাণিত হয়েছে, যা আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালার আরেকটি লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে।

আবুধাবি টি-টেন টুর্নামেন্টের দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনার জন্য এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) আইসিসিকে মনোনীত দুর্নীতিবিরোধী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিল। সেই তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার পরই ট্রাইব্যুনাল রেড্ডির বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত দেয়।

২০২৫ সালের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রেড্ডির। যুক্তরাষ্ট্রের হয়ে এখন পর্যন্ত চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই অফস্পিনার। তবে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় আগামী আট বছর মাঠের বাইরে থাকতে হবে তাকে।