নিউজিল্যান্ড টেস্টে চার নতুন মুখ আয়ারল্যান্ড দলে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 55 মিনিট আগে আপডেট: 1 সেকেন্ড আগে
নিউজিল্যান্ড টেস্টে চার নতুন মুখ আয়ারল্যান্ড দলে

নিউজিল্যান্ড টেস্টে চার নতুন মুখ আয়ারল্যান্ড দলে

নিউজিল্যান্ড টেস্টে চার নতুন মুখ আয়ারল্যান্ড দলে

নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য চার আনক্যাপড ক্রিকেটারকে দলে নিয়েছে আয়ারল্যান্ড। প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন জেক ইগান, টম মেইস, লিয়াম ম্যাকার্থি ও রিউবেন উইলসন।

চোটের কারণে দলে নেই পল স্টার্লিং, ব্যারি ম্যাকার্থি, জর্ডান নিল, গ্যাভিন হোয়ি ও জশ লিটল। আয়ারল্যান্ডের হয়ে এখন পর্যন্ত সবগুলো ১২ টেস্ট খেলা একমাত্র ক্রিকেটার অ্যান্ডি বালবার্নি অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন।

৩২ বছর বয়সী অলরাউন্ডার জেক ইগানের জন্ম পার্থে। নিজের একমাত্র প্রথম-শ্রেণির ম্যাচেই সেঞ্চুরি করেছেন তিনি। চলতি সপ্তাহে এমেরাল্ড চ্যালেঞ্জে তার ১২০ রানের ইনিংস স্ট্রাইকার্সকে শিরোপা জিতিয়েছে। ২৫ বছর বয়সী বোলিং অলরাউন্ডার টম মেইস এখন পর্যন্ত খেলেছেন পাঁচটি প্রথম-শ্রেণির ম্যাচ। একই টুর্নামেন্টে স্ট্রাইকার্সের হয়ে ৬ উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন ২৫ রান।

২৪ বছর বয়সী লিয়াম ম্যাকার্থির জন্ম দক্ষিণ আফ্রিকায়। ২০২১ সালে আয়ারল্যান্ডে পাড়ি জমান তিনি। ছয়টি প্রথম-শ্রেণির ম্যাচে তার শিকার ১৯ উইকেট। এরই মধ্যে আয়ারল্যান্ডের হয়ে সাদা বলের দুই ফরম্যাট মিলিয়ে চারটি ম্যাচও খেলেছেন। আর ১৯ বছর বয়সী মিডিয়াম পেসার রিউবেন উইলসন এখন পর্যন্ত খেলেছেন মাত্র একটি প্রথম-শ্রেণির ম্যাচ, ১২টি লিস্ট ‘এ’ ও ১৩টি টি-টোয়েন্টি।

স্টার্লিং ও হোয়ি ছিলেন সর্বশেষ মিরপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ড একাদশের সদস্য। ব্যারি ম্যাকার্থি খেলেছিলেন সিলেট টেস্টে।

বেলফাস্টে এটি হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। ২০২৪ সালে প্রথম টেস্টে জিম্বাবুয়েকে হারিয়েছিল আয়ারল্যান্ড। পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে এটিই হবে আয়ারল্যান্ডের প্রথম টেস্ট।

আয়ারল্যান্ড স্কোয়াড:

অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, কেড কারমাইকেল, স্টিফেন ডোহেনি, জেক ইগান, ম্যাথিউ হামফ্রেজ, টম মেইস, অ্যান্ড্রু ম্যাকব্রিন, লিয়াম ম্যাকার্থি, হ্যারি টেক্টর, লরকান টাকার, রিউবেন উইলসন ও ক্রেইগ ইয়ং।